যুদ্ধবিমান ভূপাতিত করা নিয়ে রাশিয়ার সঙ্গে সৃষ্ট উত্তেজনা কমাতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক সরকার। তুর্কি প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু এ আগ্রহের কথা জানিয়ে গতকাল শুক্রবার জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যের আহ্বান জানান। এদিকে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে চেয়েছেন বলে জানিয়েছে ক্রেমলিন।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, তুরস্কের প্রধানমন্ত্রী দাভুতোগলু যুক্তরাজ্যের দ্য টাইমস পত্রিকার গতকালের সংস্করণে এক লেখায় বলেন, নিজ ভূখণ্ড রক্ষায় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি তুরস্ক উত্তেজনা কমাতে রাশিয়া ও মিত্রদের সঙ্গে কাজ করবে।
তুর্কি প্রধানমন্ত্রী আরও বলেন, তুরস্কের আকাশসীমায় অজ্ঞাতপরিচয় যুদ্ধবিমান ভূপাতিত করা নির্দিষ্ট কোনো দেশের বিরুদ্ধে কর্মকাণ্ড ছিল না এবং তা নির্দিষ্ট দেশের বিরুদ্ধে কর্মকাণ্ড চালানো বলেও বিবেচিত হতে পারে না।
এর আগের দিনই প্রেসিডেন্ট এরদোয়ান তুরস্কের ক্ষমা প্রার্থনার জন্য ক্রেমলিনের দাবিকে ক্ষুব্ধ কণ্ঠে নাকচ করে দিয়েছিলেন।
এএফপি ও রয়টার্সের খবরে বলা হয়, প্রেসিডেন্ট এরদোয়ান রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করতে চান। পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল মস্কোয় এক সংবাদ সম্মেলনে জানান, তুরস্কের পক্ষ থেকে রাষ্ট্রপ্রধান পর্যায়ে বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে। আগামী সোমবার প্যারিসে পুতিনের সঙ্গে বৈঠক করতে চান এরদোয়ান।