উত্তেজনার মধ্যেই সামরিক মহড়া পর্যবেক্ষণ করলেন পুতিন
ইউক্রেন ইস্যুতে পশ্চিমা বিশ্বের সঙ্গে টানটান উত্তেজনা চলার মধ্যেই শনিবার সামরিক মহড়া পর্যবেক্ষণ করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মহড়ায় জল ও স্থলে আঘাতে হানতে সক্ষম এমন ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এটি কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়ার একটি অংশ ছিল বলে জানিয়েছে ক্রেমলিন।
ক্রেমলিন এক বিবৃতিতে বলে, বার্ষিক এ মহড়ায় কিনজাল ও সিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। এ ছাড়া আরও বেশ কিছু অস্ত্রের পরীক্ষা চালানো হয় মহড়ায়।
ব্যালিস্টিক ও ক্রুজ—এই দুই ধরনের ক্ষেপণাস্ত্রই পারমাণবিক বোমা বহনে সক্ষম। রাশিয়া এমন সময়ে এ মহড়ার আয়োজন করেছে, যখন পূর্ব ইউরোপে সেনা উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র।
এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এই মহড়া নিয়মিত প্রশিক্ষণের অংশ। ইউক্রেন–সংকট সমাধানে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে, এ মহড়ার মাধ্যমে তা আরও দীর্ঘায়িত করার কোনো ইঙ্গিত দেওয়া হচ্ছে না বলেও মন্তব্য করেন পেসকভ।
পুতিনের মহড়া পর্যবেক্ষণ প্রসঙ্গে পেসকভ বলেন, প্রেসিডেন্টের ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ। তিনি ‘সিচুয়েশন সেন্টার’ থেকে এই মহড়া পর্যবেক্ষণ করেন।
চার মাস ধরে রাশিয়ার সামরিক বাহিনী বিভিন্ন ধরনের মহড়া চালাচ্ছে। মস্কোর কথায়, মহড়ার অংশ হিসেবে ইউক্রেন সীমান্তে সেনা উপস্থিতি বাড়িয়েছে তারা। পশ্চিমা বিশ্বের হিসাবে, দেশটির সীমান্তে দেড় লাখের বেশি সেনা মোতায়েন করেছে মস্কো। রাশিয়ার মহড়া চলছে কৃষ্ণসাগর ও বেলারুশেও।
নতুন মহড়া প্রসঙ্গে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের সামরিক কমান্ড, সেনা, যুদ্ধজাহাজ ও ক্ষেপণাস্ত্র কতটা প্রস্তুত, তা পরীক্ষা করা হচ্ছে এ মহড়ার মাধ্যমে। পারমাণবিক ও অপারমাণবিক এমন অস্ত্রের নির্ভরযোগ্যতাও যাচাই হবে মহড়ায়। মহড়ায় অংশ নিচ্ছে রাশিয়ার অ্যারোস্পেস ফোর্স, সাউদার্ন মিলিটারি ডিস্ট্রিক্ট, স্ট্র্যাটেজিক মিসাইল ফোর্স, নর্দান ফ্লিট ও ব্ল্যাক সি ফ্লিট।
যুক্তরাজ্যভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের দেওয়া তথ্য অনুসারে, রাশিয়ার স্ট্র্যাটেজিক রকেট ফোর্সের সদস্য সংখ্যা পাঁচ লাখ। সব মিলিয়ে সামরিক বাহিনীর সদস্য সংখ্যা নয় লাখ। গত ছয় বছরে এ বাহিনীর ব্যবহৃত প্রযুক্তির উন্নয়ন হয়েছে ব্যাপক হারে।