উদ্বেগ-আতঙ্কে এক দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেবেছিলাম, শুক্রবার সন্ধ্যায় স্তাদ দো ফ্রঁেস গিয়ে জার্মানির সঙ্গে ফ্রান্সের প্রীতি ফুটবল ম্যাচটা দেখব। দাপ্তরিক কাজের কারণে মাঠে যাওয়া হলো না। অগত্যা কাজের ফাঁকে কান পাতলাম রেডিওতে। গোলশূন্য অবস্থায় খেলার প্রথমার্ধ শেষ হওয়ার পথে, ঘড়ির কাঁটা পেরোচ্ছে সাড়ে নয়টার ঘর। আমারও বাড়ি যাওয়ার সময় হয়ে এল। হঠাৎ কানে লাগল ধারাভাষ্যকারের কণ্ঠস্বর। খেলা ছেড়ে তিনি যে বিস্ফোরণের খবর শোনাচ্ছেন! রেডিওর ভলিউম বাড়িয়ে দিলাম। শুনলাম, স্টেডিয়ামের বাইরে কয়েক দফা বোমা বিস্ফোরণ হয়েছে। গ্যালারি-ভর্তি দর্শকের চিত্কার ছাপিয়ে যাচ্ছে পুলিশ আর দমকলবাহিনীর গাড়ির একটানা সাইরেনের শব্দ।
পরিস্থিতি বুঝতে চেষ্টা করলাম। ফোন করলাম স্টেডিয়ামের কাছে বসবাসকারী বাংলাদেশি দুলালের কাছে। একটু পরে জানলাম আত্মঘাতী বোমা হামলা আর নির্বিচারে গুলিবর্ষণের কথা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতির ভয়াবহতাও বুঝতে পারলাম।
আমার কর্মস্থল ট্রাভেলেক্সের গাখ দো নখ্দ থেকে বের হয়ে মেট্রোর দিকে পা বাড়ালাম। চারপাশের লোকজনকে দেখছি; অজানা ভীতি তাদের গ্রাস করেছে। অন্যদিনের তুলনায় অনেক বেশি মানুষ ট্রেনের অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে আছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জানতে পারলাম, একসঙ্গে ছয় জায়গায় হামলা হয়েছে। সারা শহরে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। বুঝতে পারলাম, প্রতিদিনের রুটে বাড়ি ফেরা হবে না। দুই দফার পরিবর্তে চার দফা ট্রেন পাল্টাতে হবে। একসময় ট্রেনে উঠে পড়লাম। নানাজনের মুখে হতাহতের নানা তথ্য ভাসছে। ট্রেনের সব যাত্রীই যেন শোকাহত। কেউ কারও দিকে তাকাচ্ছে না। দ্রুত বাড়ি পৌঁছাতে পারলেই সবাই যেন বেঁচে যায়।

প্যারিসের প্লেস অব রিপাবলিক সেন্টারে গতকাল কেউ জ্বালেন মোমবাতি, কেউ দেন ফুল। স্বজন হারানোর শোকে ব্যথিত তাঁরা। ওই সেন্টারের একটু দূরে বাতাক্লঁ কনসার্ট হল। স্থানীয় সময় শুক্রবার রাতে সেখানে অনুষ্ঠান চলাকালে সন্ত্রাসী হামলায় নিহত হন ৮৭ জন l ছবি: সুমন ইউসুফ
প্যারিসের প্লেস অব রিপাবলিক সেন্টারে গতকাল কেউ জ্বালেন মোমবাতি, কেউ দেন ফুল। স্বজন হারানোর শোকে ব্যথিত তাঁরা। ওই সেন্টারের একটু দূরে বাতাক্লঁ কনসার্ট হল। স্থানীয় সময় শুক্রবার রাতে সেখানে অনুষ্ঠান চলাকালে সন্ত্রাসী হামলায় নিহত হন ৮৭ জন l ছবি: সুমন ইউসুফ

বাড়ির কাছের স্টেশনে ট্রেন থেকে নেমে হাঁটতে গিয়ে অবাক হলাম। প্যারিসে এলাম ১৫ বছর আগে। শুক্রবারের রাত ১১টায় এমন ফাঁকা প্যারিস আমার কাছে অচেনা। এই সময়ে যত লোক রাস্তায় থাকার কথা, আজ দেখছি তার পাঁচ ভাগের এক ভাগ লোক। বিপরীতে পুলিশ আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজনের বাড়তি উপস্থিতি।
বাড়ি ফিরে টিভিতে চোখ রাখলাম। কিছুক্ষণের মধ্যে ধারণা পেলাম যে পরিস্থিতি কতটা ভয়াবহ।
ফ্রান্সে জঙ্গিদের পরিস্থিতি নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। শুক্রবার সকালে টিভির খবরে বেশ কিছু আইএস জঙ্গিকে আটকের খবর গুরুত্ব দিয়ে প্রচার করা হয়েছিল। বলা হচ্ছিল, বেশ কয়েক মাসের গোয়েন্দা নজরদারির পর বড় ধরনের হামলার প্রস্তুতির আগেই তাদের গ্রেপ্তার করা হয়েছিল। মনে প্রশ্ন জাগে, হামলার আগেই যদি তাদের গ্রেপ্তার করা হলো, তাহলে এত বড় হামলা কীভাবে হলো? গোয়েন্দারাই বা আগে থেকে তা জানতে পারল না কেন? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হয়তো দাবি করতে পারে, ওই জঙ্গিরা গ্রেপ্তার হওয়ায় আরও বড় ধরনের হামলা ঠেকানো গেছে। যে দাবি, যে আলোচনাই হোক না কেন; শেষ পর্যন্ত জঙ্গিরা যে কতটা দানবীয় হয়ে উঠেছে, তা আর বলে বোঝাতে হবে না।
গত কয়েক বছরে ফ্রান্সে ইসলামকে পুঁজি করে ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠছে বলে আলোচনা হচ্ছে। আলজেরিয়াসহ আশপাশের বিভিন্ন মুসলিম অধ্যুষিত দেশ থেকে আসা অভিবাসীদের পরিবারের তরুণদের মধ্যে উগ্রবাদের প্রতি যুক্ত হওয়ার প্রবণতাই এই আলোচনার কারণ। এটা বলা হচ্ছে, সাম্প্রতিক সময়ে আইএসের উত্থান উগ্রবাদের প্রতি এসব তরুণকে আরও আকর্ষণ করছে। মধ্যপ্রাচ্য থেকে এখানকার মুসলিম সমাজের জন্য পাঠানো অর্থও এর রসদ হিসেবে কাজ করছে বলে সমালোচনা আছে।
এর বাইরে আরেকটি আলোচনার কেন্দ্রে আছে মূলধারার বাইরের নাগরিকেরা। বলা হয়ে থাকে, বাইরে থেকে আসা লোকজন নাগরিকত্ব পেলেও মূলধারার বাইরে থেকে যাচ্ছে। ফলে ‘আত্মপরিচয়ের সংকটে থাকা’ এসব তরুণকে সহজে উগ্রবাদে উৎসাহিত করা যাচ্ছে। অবশ্য এসব আলোচনা অনেকাংশেই অভিবাসীদের লক্ষ্যবস্তুতে পরিণত করছে।