
স্টকহোম বিশ্ববিদ্যালয়ের আউলা মাগনার সেমিনার হল সবার জন্য উন্মুক্ত। ফলে উৎসুক মানুষের ভিড়। পদার্থবিদ্যা, রসায়ন আর অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীরা বক্তৃতা দেবেন। কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছিল, কারও জন্য আসন সংরক্ষণ করা যাবে না। ফলে বৃহস্পতিবার সকাল নয়টায় বক্তৃতা শুরু হবে জেনেও আসন নিশ্চিত করতে সাড়ে সাতটার মধ্যে আউলা মাগনায় হাজির হয়ে গেছি।
একটু একটু করে উৎসুক শ্রোতার সংখ্যা বাড়ছিল। এখানে বলে রাখি, তিনটি জটিল বিষয়ে যে বক্তৃতাগুলো হলো, তা একজন বিজ্ঞানের ছাত্রের পক্ষেই আয়ত্ত করা সম্ভব। বুঝতে সাহায্য করলেন আরিফিন সন্ধি—স্টকহোম বিশ্ববিদ্যালয়ের এই পিএইচডি শিক্ষার্থীর সঙ্গে আগের দিন পরিচয়।
ঠিক নয়টার সময় রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সের সভাপতি ক্রিস্টিনা মোবার্গ সংক্ষিপ্ত বক্তব্য দিলেন। নোবেল কমিটি ফর ফিজিকসের পক্ষ থেকে থর হান হ্যানসন এবারে পদার্থবিদ্যায় নোবেল পাওয়া তিন বিজ্ঞানী ডেভিড জে থাউলেস, এফ ডানকান এম হেল্ডেন এবং জে মাইকেল কোস্টেরলেজের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। করতালিতে মুখর হয়ে উঠল আউলা মাগনা। বলে রাখা ভালো, এবার নোবেলের পদার্থবিজ্ঞানের পুরস্কারটি দুটি ভাগে ভাগ করা হয়েছে। ডেভিড জে থাউলেস পেয়েছেন এক ভাগ, অপর ভাগ পেয়েছেন অন্য দুজন।
শুরুতে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডানকান জানালেন, সহযোগী বিজ্ঞানীদের নিয়ে কীভাবে ১৯৮০ সালের দিকে তিনি কোয়ান্টাম মেকানিক্যাল তত্ত্বটি নিয়ে আসেন। এই তত্ত্বের ব্যাখ্যাতেই জানা সম্ভব হলো, কীভাবে বস্তুর মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হয়। সে সময় এটা ছিল সাড়াজাগানো আবিষ্কার। টপোলজির মাধ্যমে পরে এই তত্ত্ব আরও ভালোভাবে ব্যাখ্যা করা হয়।
ব্রাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জে মাইকেল কোস্টেরলেজ ব্যাখ্যা করলেন টপোলজিক্যাল স্থানান্তর বিষয়টি। তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বস্তুর মাঝে কীভাবে জোড়ায় জোড়ায় থাকা ভরটেক্সগুলো তাদের স্থান পরিবর্তন করতে পারে, তা নিয়েই এ তত্ত্ব। দেখা যাচ্ছে, কম তাপমাত্রায় কীভাবে জোড়া বজায় রেখে একই দিকে ভরটেক্সগুলো ঘুরছে, কিন্তু যখন তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এই জোড়াগুলো ভেঙে ভিন্ন ভিন্ন দিকে আবর্তিত হয়।
কোস্টেরলেজ বললেন, ‘আমাদের গবেষণার বিষয়টি জটিল। পদার্থবিদ্যা না জানা বিজ্ঞানীদের পক্ষেই তা বুঝতে অসুবিধা হবে। সাধারণ মানুষের কাছে তা বলা আরও কঠিন।’
ডেভিড জে থাউলেস বক্তৃতা করেননি।
পদার্থবিজ্ঞানের নোবেল বক্তৃতা শেষ হলে শুরু হয় রসায়নের নোবেল বক্তৃতা। নোবেল কমিটি ফর কেমিস্ট্রির পক্ষ থেকে ওলোফ রামস্ট্রম এ বছরের নোবেল বিজয়ী ফ্রান্সের জঁ পিয়ের শুভাগে, যুক্তরাষ্ট্রের স্যার ফ্র্যাসের স্টোডার্ট ও হল্যান্ডের রসায়নবিদ বার্নাড ফেরিঙ্গার সঙ্গে সবার পরিচয় করিয়ে দেন।
জঁ পিয়ের শুভাগের গবেষণার বিষয় ছিল আলোক রসায়ন। তিনি গবেষণার মাধ্যমে দেখালেন, যদি অণুর মাঝে বিভিন্ন ধাতব মৌল ব্যবহার করা যায়, তাহলে এটা আণবিক শিকল (মলিকুলার চেইন) হিসেবে কাজ করতে পারে। তাঁর সময়ের বিজ্ঞানীদের অনেকেই এ নিয়ে গবেষণা করছিলেন। বলা যায়, জন পিয়েরের হাত ধরে আবার টপোলজিক্যাল রসায়নের নতুন উত্থান ঘটে। সেটার কথাই গতকাল বৃহস্পতিবার বললেন তিনি।
আণবিক স্কেলে যন্ত্র তৈরির পথ দেখিয়েছেন স্যার ফ্র্যাসের স্টোডার্ট। ১৯৯১ সালের দিকে তাঁর গবেষণা দল ইলেকট্রনবিহীন একটা আণবিক চাকা, সঙ্গে একটা অ্যাক্সেল রড তৈরি করলেন। এভাবেই তাঁর হাত ধরে তৈরি হলো রোটাজেন নামের একটি যান্ত্রিক অণু।
এদিনের সেরা আকর্ষণ ছিল নেদারল্যান্ডসের বিজ্ঞানী বার্নাড ফেরিঙ্গার ভাষণ। একজন মানুষ যে শ্রোতাদের এভাবে মোহগ্রস্ত করে রাখতে পারেন, তা আগে জানা ছিল না। তিনি জানালেন, ১৯৯৯ সালে তাঁর গবেষণা দল তৈরি করে এক আণবিক মোটর, বিভিন্ন দিকে যার আবর্তনের দিক নিয়ন্ত্রণ করা যেত। সাধারণত আণবিক কণার আবর্তনের দিক নিয়ন্ত্রণ করার বিষয়টা এর আগে প্রকাশ করা হয়নি। তাই ফেরিঙ্গা সবার প্রথমে এই বিষয়টা উপস্থাপন করেন। শুধু আণবিক মোটর বানানোর মধ্যেই তাঁর গবেষণা সীমাবদ্ধ ছিল না। এই আণবিক মোটর দিয়ে কীভাবে একটা আণবিক গাড়ি তৈরি করা যায়, সেটাই তাঁর গবেষণা দল ২০১৪ সালে করে দেখায়।
দুপুরে খাওয়ার পর ছিল অর্থনীতির নোবেল বক্তৃতা। দ্য কমিটি ফর দ্য প্রাইজ ইন ইকোনমিক্যাল সায়েন্সেস ইন মেমোরি অব আলফ্রেড নোবেল-এর পক্ষ থেকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ব্রিটিশ বংশোদ্ভূত অর্থনীতিবিদ অলিভার হার্ট এবং ফিনল্যান্ডে জন্ম নেওয়া ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ বেংগট হোমস্ট্রোমের সঙ্গে পরিচয় করিয়ে দেন টমাস সুয়োস্ট্রোম। বাজার অর্থনীতিতে চুক্তির সঙ্গে অর্থনীতির সম্পর্কের তত্ত্ব দিয়ে নোবেল জিতে নিয়েছেন এই দুই গবেষক। হার্ট তুলে ধরেন সেবা খাতের বিরাষ্ট্রীকরণ এবং দুই কোম্পানির একীভূতকরণ চুক্তির ক্ষেত্রে অর্থনৈতিক বিশ্লেষণ। আর হোমস্ট্রোম চুক্তি আর প্রণোদনা করপোরেট খাতকে কতটা প্রভাবিত করে, তা নিয়ে আলোচনা করলেন।
স্টকহোম বিশ্ববিদ্যালয়ের আউলা মাগনায় এই কয়েক ঘণ্টা কেটে গেল নোবেল বিজয়ীদের সংস্পর্শে। এখন শীতকাল, সবার শরীরেই ভারী পোশাক। ঠান্ডা হাওয়া কিংবা কখনো অল্প বৃষ্টি যখন বাইরের মানুষকে করে তুলছে শীতার্ত, তখন নোবেল বক্তৃতায় উপস্থিত থাকতে পেরে টের পেলাম উষ্ণ হয়ে উঠছি মনে ও শরীরে।
চিকিৎসাশাস্ত্রের নোবেল বক্তৃতা হয়ে গেছে ৭ ডিসেম্বর কারোলিনস্তা ইনস্টিটিউটে। জাপানের টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক ইয়োশিনোরি ওশুমি এখানে বক্তব্য দেন।
নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান মানুয়েল সান্তোস। শাস্তি পুরস্কার দেওয়া হয় নরওয়ের রাজধানী অসলোয়।
আক্ষেপ, সাহিত্যে নোবেল পাওয়া বব ডিলান এবার নোবেল বক্তৃতায় অংশ নিচ্ছেন না। তিনি থাকছেনও না ১০ ডিসেম্বর অনুষ্ঠেয় পুরস্কার বিতরণী উৎসবে।