উপকরণের অভাবে রাশিয়ান ট্যাংক কারখানার উৎপাদন বন্ধ: ইউক্রেন
প্রয়োজনীয় আমদানি পণ্যের অভাবে রাশিয়ান ট্যাংক উৎপাদন ও মেরামতের কাজে নিযুক্ত একটি প্রতিষ্ঠান উৎপাদন বন্ধ করে দিয়েছে। ইউরালভাগোনজাভোড নামে প্রতিষ্ঠানটি মধ্য রাশিয়ার চেলিয়াবিনস্ক অঞ্চলে অবস্থিত। ইউক্রেনের সেনাবাহিনীর বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে বিবিসি। কবে থেকে প্রতিষ্ঠানটি উৎপাদন বন্ধ রেখেছে, সেটা অবশ্য জানাতে পারেনি কিয়েভ। ইউক্রেনের দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি রাশিয়া।
ইউক্রেনের সেনাবাহিনীর তথ্য ও পরামর্শক কোম্পানি ডিফেন্স এক্সপ্রেস জানায়, ইউরালভাগোনজাভোডই রাশিয়ার একমাত্র প্রতিষ্ঠান যেখানে ট্যাংক সংযোজন করা হয়। প্রতিষ্ঠানটি ট্যাংক উৎপাদন ও মেরামতের কাজে নিয়মিতই পশ্চিমা বিভিন্ন দেশ থেকে আনা উপকরণ ব্যবহার করে বলেও জানায় ডিফেন্স এক্সপ্রেস।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরেকটি আলাদা বিবৃতিতে গত ২৪ ফেব্রুয়ারি আক্রমণ শুরুর পর রাশিয়ার ২০৯টি ট্যাংক ধ্বংসের দাবি করে। ইউক্রেনের এ দাবির ব্যাপারও কোনো প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া।