উপসাগরীয় তিক্ততা নিরসনে উদ্যোগ জার্মানির

সৌদি আরব ও কাতারের মধ্যে চলমান তিক্ততা নিরসনে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সিগমার গাব্রিয়েল। গতকাল বুধবার বার্লিনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল যুবায়েরের সঙ্গে সাক্ষাতের সময় জার্মান সরকারের এই উদ্যোগের কথা তিনি জানান।
পররাষ্ট্রমন্ত্রী সিগমার গাব্রিয়েল বলেছেন, কাতারের সঙ্গে উপসাগরীয় ও আরব দেশগুলোর মধ্যে যে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা যেন আরও মারাত্মক আকার না নেয়। তিনি বলেন, ‘এই মুহূর্তে জরুরি কাজ হলো, উপসাগরীয় দেশগুলোর মধ্যে বিরাজমান সমস্যা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করা। আর আমাদের সবার উচিত একযোগে সিরিয়া, ইয়েমেন ও মধ্যপ্রাচ্যে আইএসের বিরুদ্ধে লড়াই করা।’
গাব্রিয়েল আরও বলেন, ‘ওই অঞ্চলে এমনিতেই উত্তেজনা রয়েছে এবং মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় এলাকায় শান্তিপ্রতিষ্ঠার লক্ষ্যে আমরা মধ্যস্থতা করতে প্রস্তুত রয়েছি।’
বার্লিনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল যুবায়ের বলেন, ‘আমরা জার্মান সরকারকে জানিয়েছি, কেন সৌদি আরবসহ সাতটি দেশ কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে।’ তিনি জানান, শর্তগুলো মেনে নিলেই কাতারের সঙ্গে তাঁদের সম্পর্ক স্বাভাবিক হতে পারে।
এর আগে জার্মান সরকার ১৯৯০ সালের কুয়েত ও ২০০৩ সালের ইরাকের যুদ্ধেও সরাসরি জড়িয়ে পড়তে অনীহা প্রকাশ করেছিল এবং দীর্ঘদিন থেকেই মধ্যপ্রাচ্যে শান্তিপ্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে।