উবারের কাছে সংসার ভাঙার ক্ষতিপূরণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের একজন ব্যবসায়ী তিনি। স্ত্রীকে না জানিয়ে প্রেমিকা নিয়ে ঘুরে বেড়াতেন। উবার অ্যাপের কারণে সেই সত্য প্রকাশ হয়ে পড়ে। পরিণামে সংসারটাই ভেঙে গেল। এ জন্য ওই ব্যবসায়ী উবারের কাছে ৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ চেয়েছেন।
মামলাটি এখন দক্ষিণ-পূর্ব ফ্রান্সের গ্রাসের একটি আদালতে রয়েছে। ওই ব্যবসায়ীর আইনজীবী গত শুক্রবার এ কথা জানিয়েছেন।
উবার হলো অনলাইনের মাধ্যমে মোটরগাড়ি ভাড়া নেওয়ার একটি বিশেষ অ্যাপ। ফরাসি ওই ব্যবসায়ী ব্যক্তি দাবি করেন, তিনি স্ত্রীর মুঠোফোনের মাধ্যমে একবার উবারের অ্যাপ ব্যবহার করে গাড়ি ডেকেছিলেন। সেটা বন্ধ (লগ-অফ) করে দেওয়ার পরও অ্যাপটি নিয়মিত হালনাগাদ তথ্য পাঠাতে থাকে। এতে করে তাঁর ভ্রমণের খুঁটিনাটি তথ্য স্ত্রীর কাছে প্রকাশ হয়ে পড়ে। পরিণামে স্ত্রীর সন্দেহ বাড়তে থাকে।
লো ফিগারো পত্রিকা জানায়, উবারের মাধ্যমে তথ্য ফাঁসের পরিণামে ওই ব্যক্তির সঙ্গে তাঁর স্ত্রীর বিবাহবিচ্ছেদ হয়ে গেছে। আইনজীবী দাভিদ-আদ্রেঁ দারমোঁ বলেন, তাঁর মক্কেল একটি অ্যাপের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এটি ব্যবহারের পর সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। তবে তাঁর মক্কেল সেটা করার পরও অ্যাপটি চালু ছিল। এতে তাঁর ব্যক্তিগত জীবনে সমস্যা তৈরি হয়েছে।
ওই ব্যক্তি ৪ কোটি ৮০ লাখ ডলার ক্ষতিপূরণ চেয়েছেন কি না জানতে চাইলে তাঁর আইনজীবী কোনো মন্তব্য করতে রাজি হননি। শুধু বলেছেন, তাঁর মক্কেল নাম প্রকাশে অনিচ্ছুক।
উবার অ্যাপ ব্যবহার করে আরও অনেকে এমন পরিস্থিতিতে পড়েছেন। মানে, এটি লগ-অফ করার পরও কখনো কখনো চালু রয়ে যাচ্ছে। উবার কর্তৃপক্ষ এক বিবৃতিতে এএফপিকে বলেছে, মামলাটি বিচারাধীন থাকায় তারা এ নিয়ে কোনো মন্তব্য করবে না। তবে তারা গ্রাহকের ব্যক্তিগত তথ্য সর্বোচ্চ সুরক্ষার ব্যাপারটিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে।