‘উষ্ণ আলিঙ্গন জানান দেয়, যুদ্ধ শুরু হয়ে গেছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওলহা সিরিপা
ছবি: টুইটার

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এদিন সকাল সাড়ে পাঁচটায় ঘুম থেকে ওঠেন ওলহা সিরিপা। ওই দিনের বর্ণনা দিয়ে সিরিপা বলেন, ‘আমি ঘুম থেকে ওঠার পরই আমার স্বামী আমাকে জড়িয়ে উষ্ণ আলিঙ্গন করেন। তখন সে আমাকে বলে, এবার জেগে ওঠো, যুদ্ধ তো শুরু হয়ে গেছে।’  খবর বিবিসির
এর দুই ঘণ্টা পর তাঁদের বাড়িতে ছোট একটি ভ্যান আসে। তাতে গাদাগাদি করেই স্বামীর সঙ্গে ওঠেন সিরিপা। সিরিপার সঙ্গে ছিলেন সবচেয়ে কাছের বন্ধু। আরও চারজন আগন্তুক ছিলেন। শুরু হয় তাঁদের ১৮ ঘণ্টার দীর্ঘ ভ্রমণ। রাজধানী কিয়েভ থেকে পশ্চিমে অবস্থিত তুলনামূলক নিরাপদ রিভিন ছিল তাঁদের গন্তব্য।

ওই দিনের বর্ণনায় সিরিপা বলেন, ‘বাড়ি ছাড়ার আগে আমরা অতিপ্রয়োজনীয় কিছু জিনিসপত্র ব্যাগে করে সঙ্গে নিই। এর মধ্যে গুরুত্বপূর্ণ কাগজপত্র, ল্যাপটপ ও চার্জার ছিল। আমার স্বামী আমার ব্যাগে কিছু বই দিয়ে বলে, এতে করে হয়তো ব্যাগটা আরও ভারী হয়ে যাবে, কিন্তু এটা তোমাকে গোলার হাত থেকেও বাঁচাবে।’

সিরিপা বলেন, একের পর এক সংবাদ দেখে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন এবং শহরে ভারী গোলাবর্ষণ দেখে তাঁর বন্ধুরা কেমন আছেন, তা নিয়ে চিন্তিত হয়ে পড়েন।

সিরিপা ইনটেলিয়াস নামের একটি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানে কাজ করতেন। সিরিপার মতো তাঁর সহকর্মীরাও একই ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন।

তাঁদের মধ্যেই একজন ওলেক্সান্দার বিলিক। রাশিয়া সীমান্তবর্তী ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের বাসিন্দা তিনি। তিনিও জানতেন যুদ্ধ শুরু হতে যাচ্ছে।
ওলেক্সান্দার বিলিক বলেন, ‘সবচেয়ে বাজে পরিস্থিতিতেও আমরা বিস্ফোরণের শব্দে ভোর সাড়ে ৪টায় ঘুম থেকে ওঠার কথা চিন্তা করতে পারি না। কিন্তু আমরা তাই করেছি।’

সিরিপার ইনটেলিয়াসের মতো আরও অনেক প্রতিষ্ঠান তাঁদের কর্মীদের নিরাপত্তার জন্য ইউক্রেনের পশ্চিমাঞ্চল বা প্রতিবেশী পোল্যান্ডে পাঠানোর চেষ্টা করছে।

এত দিন রাশিয়া ইউক্রেনের দক্ষিণ, পূর্ব ও উত্তরাঞ্চলে হামলা চালিয়ে তিন দিক থেকে রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হচ্ছিল। কিন্তু গতকাল শুক্রবার থেকে নতুন করে ইউক্রেনের উত্তর-পশ্চিমাঞ্চলের লুৎস্ক, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইভানো-ফ্রাঙ্কিভস্ক এবং মধ্য-পূর্বাঞ্চলের দিনিপ্রো শহরে প্রথমবারের মতো হামলা হয়েছে।