উড়োজাহাজে জলবিয়োগ করে লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এয়ার ইন্ডিয়ার উড়ন্ত উড়োজাহাজে সবার সামনে জলবিয়োগ করে দিলেন নেশাগ্রস্ত এক যাত্রী। এ ঘটনায় বিস্মিত ও ক্ষুব্ধ যাত্রী এবং ক্রুরা। এখানেই শেষ নয়, ওই যাত্রীকে এই অনাঙ্ক্ষিত ঘটনার জন্য এক হাজার পাউন্ড জরিমানাও করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ লাখ ১০ হাজার ৮২২ টাকা।
আজ মঙ্গলবার পিটিআইয়ের খবরে জানা যায়, অদ্ভুত আচরণ করা ওই যাত্রীর নাম জিনু আব্রাহাম (৩৯)। ১০ বছরের ছেলেকে নিয়ে তিনি ভারত থেকে ইংল্যান্ডের বার্মিংহামে যাচ্ছিলেন। বার্মিংহামে নামার পর হাতকড়া পরিয়ে জিনুকে বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হয়। বার্মিংহাম ক্রাউন কোর্টে তাঁকে জরিমানা করা হয়।

বার্মিংহাম ক্রাউন কোর্টে জন কার্ডিফ নামের এক আইনজীবী আদালতে বলেন, এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজে যাত্রার সময় মাত্রাতিরিক্ত নেশা করেছিলেন আব্রাহাম। ক্রুরা বারবার তাঁকে নিজের আসনে বসার জন্য অনুরোধ করেন। তিনি তা শোনেননি। একপর্যায়ে তিনি ট্রাউজার খুলে দুই আসনের সারির মাঝখানের সরু জায়গায় দাঁড়িয়ে পড়েন। এরপর সবার সামনে জলবিয়োগ করেন। উড়োজাহাজের ক্রুরা তাঁকে প্লাস্টিকের হাতকড়া পরিয়ে ও আসনের বেল্ট বেঁধে দমিয়ে রাখার চেষ্টা করেন। উড়োজাহাজ অবতরণ করার পর তাঁকে আটক করে আদালতে নেওয়া হয়।

বার্মিংহাম মেইলের খবরে জানা যায়, আদালতে আব্রাহাম বলেন, হুইস্কি পান করার পর তাঁর নিজের ওপর কোনো নিয়ন্ত্রণ ছিল না।