ঋণদাতাদের সঙ্গে গ্রিসের সমঝোতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয় দফা আর্থিক পুনরুদ্ধার কর্মসূচি নিয়ে বিদেশি ঋণদাতাদের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে গ্রিস। গতকাল মঙ্গলবার গ্রিস সরকারের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। খবর এএফপির।
ঋণদাতাদের সঙ্গে সমঝোতার বিষয়টি নিশ্চিত করে গ্রিসের নুতন অর্থমন্ত্রী ইউক্লিড সাকালোটোস বলেন, ‘একটি মতৈক্যে পৌঁছা গেছে। আমরা চুক্তির বিষয়ে খুব কাছাকাছি আছি। কয়েকটি ছোটখাটো বিষয় নিয়ে এখন শুধু ভিন্ন মত আছে।’
গ্রিসের অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র বলেছে, অর্থমন্ত্রীর কথিত ‘ছোটখাটো বিষয়’ চুক্তিকে প্রভাবিত করবে না। চুক্তি চূড়ান্ত হওয়ার পর গতকালই গ্রিসের পার্লামেন্টে তা অনুমোদনের জন্য উত্থাপনের কথা ছিল।
অর্থমন্ত্রী সাকালোটাস এবং আর্থিক খাতবিষয়ক মন্ত্রী ইয়োরগোস স্টাথাকিস শেষ মুহূর্তে ২২ ঘণ্টা ধরে আলোচনা চালান। ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক (ইসিবি), আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদের সঙ্গে এ আলোচনায় দাতাদের চাহিদা মোতাবেক গ্রিসের সংস্কারের তালিকা প্রস্তুত হয়। আর্থিক খাতে সংস্কারের শর্ত মেনে নিয়েই গ্রিস এসব সংস্থার কাছ থেকে ৮ হাজার ৬০০ কোটি ইউরো পাওয়ার প্রতিশ্রুতি পায়।
সংস্কারের এসব শর্ত নিয়ে ২০ আগস্টের মধ্যে গ্রিসকে একটি চুক্তিতে পৌঁছাতে হবে।