এ বছর জার্মানিতে তিন লাখ অভিবাসী যাচ্ছে
চলতি বছর জার্মানিতে তিন লাখ অভিবাসনপ্রার্থী যেতে পারে। দেশটির অভিবাসী ও শরণার্থীবিষয়ক দপ্তর (বিএএমএফএ) গতকাল রোববার এ তথ্য জানিয়েছে। গত বছর জার্মানিতে অভিবাসনপ্রার্থী ও শরণার্থীর ঢলের সময় যত লোক এসেছিল, এ সংখ্যা তার এক-তৃতীয়াংশ বলে ধারণা করা হয়।
বিএএমএফের প্রধান ফ্রাঙ্ক-ইয়ুরগেন ওয়েসি বিল্ড আম সনটাগ পত্রিকাকে বলেছেন, ‘জার্মানির অর্থনীতি সবল থাকায় এবং শরণার্থী পরিষেবার মান বৃদ্ধি পাওয়ায় আমরা চলতি বছরে আড়াই লাখ থেকে তিন লাখ শরণার্থীকে গ্রহণ করতে পারব। এর আরেক কারণ হলো, এবারে শরণার্থীর সংখ্যা আগের বছরের তুলনায় অনেক কম।’
ফ্রাঙ্ক ওয়েসি বলেন, ধারণার থেকে বেশি অভিবাসী এলে তাঁর দপ্তর চাপে পড়তে পারে। তবে বর্তমান অবস্থায় তিন লাখের খুব বেশি লোক আসবে না বলেই তাঁরা মনে করছেন। তবে অনুমানের চেয়ে বেশি এলেও তা অন্তত গত বছরের মতো হবে না বলেই তাঁদের ধারণা।
মনে করা হয়, জার্মানিতে গত বছর ১১ লাখ অভিবাসী ও শরণার্থী আসে, যাদের বেশির ভাগই মধ্যপ্রাচ্যের সহিংসতাপীড়িত সিরিয়া ও ইরাকের মানুষ। তবে বিএএমএফের প্রধান ওয়েসি বলেন, এদের অনেকেই জার্মানি থেকে ইউরোপের অন্যত্র চলে গেছে। কেউ কেউ দুবার নিবন্ধন করেছিল। সে জন্য গত বছর ঠিক কত লোক এসেছিল, তা বলা কঠিন। তবে এ সংখ্যা অচিরেই ঘোষণা করা হবে বলে জানান তিনি। তা ১০ লাখের কম হবে বলেই ধারণা করা হচ্ছে।
বিএএমএফের প্রধান ওয়েসি বলেন, জার্মানিতে আসা নতুন অভিবাসীদের শ্রমবাজার কার্যকর করতে বেশ কিছুটা সময় লাগতে পারে। তবে তাদের ৭০ শতাংশই কর্মক্ষম।
গত বছরের অভিবাসীর নজিরবিহীন স্রোত জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলকে একটি শক্ত রাজনৈতিক পরীক্ষায় ফেলে দেয়। অভিবাসীদের বিষয়ে ম্যার্কেল ও তাঁর কেন্দ্রীয় সরকার ইতিবাচক মনোভাব দেখালেও এ নিয়ে জনমত বিভক্ত। সাম্প্রতিক কয়েকটি জঙ্গি হামলার পর অভিবাসন নিয়ে সরকারের ওপর চাপ আরও বেড়েছে। আগামী বছরের সেপ্টেম্বর বা অক্টোবর মাসে জার্মানির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে, ৫০ শতাংশ ভোটারই ম্যার্কেলকে পুনর্নির্বাচিত করার বিরুদ্ধে। ৪২ শতাংশ ভোটার তাঁর পক্ষে রয়েছে।