এ বছর স্পেনে কোনো স্কুলশিক্ষার্থী ফেল করবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাস সংকটের কারণে এ বছর স্পেনে কোনো স্কুলশিক্ষার্থী ফেল করবে না। কেবল ‘অত্যন্ত ব্যতিক্রমী’ পরিস্থিতিতে যে কাউকে শিক্ষাবর্ষের পুনরাবৃত্তি করতে হবে। দেশটির শিক্ষামন্ত্রী ইসাবেল সিলা গত বুধবার এ কথা বলেন বলে এএফপির খবরে বলা হয়।

মহামারি এ ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকার দেশব্যাপী লকডাউন ঘোষণা করে। ফলে মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে স্পেনের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। করোনায় আক্রান্ত হয়ে দেশটির এখন পর্যন্ত সাড়ে ১৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

একইভাবে বিশ্বব্যাপী লকডাউনের কারণে বিশ্বের প্রায় ৮৫ কোটি শিক্ষার্থী এখন স্কুলের বাইরে রয়েছে। এটি সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদের জন্য একটি ‘নজিরবিহীন চ্যালেঞ্জ’ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছে জাতিসংঘ।

টেলিভিশনে প্রচারিত এক সংবাদ সম্মেলনে স্পেনের শিক্ষামন্ত্রী ইসাবেল সিলা বলেন, সংকটের কারণে এ বছর কেউ ফেল করবে না এবং কর্তৃপক্ষ গ্রীষ্মের ছুটিতে শিক্ষার্থীদের জন্য কিছু স্বতঃস্ফূর্ত কার্যক্রম গ্রহণ করবে। তিনি নজিরবিহীন এ চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের ‘ধৈর্য ও অপরিসীম প্রচেষ্টার’ প্রশংসা করেন।