স্পেনে গত রোববার অনুষ্ঠিত ঐতিহাসিক সাধারণ নির্বাচনে নতুন দুই রাজনৈতিক দলের প্রতি ব্যাপক সমর্থন দিয়েছেন দেশটির জনগণ। পার্লামেন্টের প্রায় এক-তৃতীয়াংশ আসনই দখল করেছে তারা। আর ক্ষমতাসীনেরা বেশির ভাগ আসনে জয়ী হলেও সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। তাদের প্রতিদ্বন্দ্বী সমাজতন্ত্রীরাও ভালো ফল করতে ব্যর্থ হয়েছে।
এ অবস্থায় স্পেন রক্ষণশীল ক্ষমতাসীন ও বিরোধী সমাজতন্ত্রী এই দুই দলের একচেটিয়া নিয়ন্ত্রণ বা দুই দলীয় ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে পারে বলে মনে করা হলেও দেশটি পড়তে পারে নতুন এক রাজনৈতিক অনিশ্চয়তায়। খবর বিবিসি ও এএফপির।
এক-তৃতীয়াংশ আসনে জয় পাওয়া নতুন দল দুটি হলো ব্যয় সংকোচনবিরোধী বামপন্থী দল পোয়েমস ও উদারপন্থী হুয়ানোস (কাতালান)। সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ক্ষমতাসীন দল প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয়ের পপুলার পার্টি (পিপি)।
স্পেনে তিন দশকের বেশি সময় ধরে ক্ষমতাসীন পিপি ও বিরোধী সমাজতন্ত্রী এই দুই দল পালাক্রমে ক্ষমতা দখল করে চলেছে। দল দুটিকে এখন অবশ্যই কোয়ালিশন সরকার গঠনে দর-কষাকষিতে বসতে হবে।
প্রায় সম্পূর্ণ ভোট গণনা শেষে ফলাফলে দেখা যায়, পিপি পেয়েছে ২৮ দশমিক ৭ শতাংশ ভোট, সমাজতন্ত্রী দল ২২ শতাংশ, পোয়েমস ২০ দশমিক ৬ শতাংশ এবং হুয়ানোস (কাতালান) ১৩ দশমিক ৯ শতাংশ। আসন হিসাব করলে পিপি ১২৩টি, সমাজতন্ত্রী দল ৯০টি, পোয়েমস ৬৯টি ও হুয়ানোস ৪০টি আসন পেয়েছে।
নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেতে ক্ষমতাসীন পপুলার পার্টির ১৭৬টি আসন দরকার ছিল। কিন্তু তারা যে আসন পেয়েছে, তা সংখ্যাগরিষ্ঠতার চেয়ে অনেক কম। বিদায়ী পার্লামেন্টে দলটির আসনসংখ্যা ছিল ১৮৬টি।
ক্ষমতাসীনেরা এবারই প্রথম মাত্র ২৯ শতাংশ ভোট পেয়েছে। এতেই বোঝা যায়, স্পেনের এ নির্বাচন ছিল কত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও বিভক্তিতে ভরা। দেশটির গণতান্ত্রিক ব্যবস্থার ইতিহাসে এ নির্বাচন সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনগুলোর একটি হবে বলে আগেই মনে করা হচ্ছিল।