মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার কিছু দেশ থেকে ইউরোপ অভিমুখে, বিশেষত জার্মানিতে শরণার্থীদের ঢল গতকাল রোববারও অব্যাহত ছিল। এর আগের দিন শনিবারই দেশটিতে প্রবেশ করে আট হাজার শরণার্থী।
আর ইউরোপে প্রবেশের প্রধান পথ হিসেবে ব্যবহৃত হাঙ্গেরি থেকে অস্ট্রিয়াতেও ঢুকছে আশ্রয়ের সন্ধানে মরিয়া হয়ে ওঠা আরও কয়েক হাজার শরণার্থী। তাদেরও গন্তব্য জার্মানি। খবর এএফপি, বিবিসি ও রয়টার্সের।
পৃথক এক খবরে বার্তা সংস্থা ইউএনবি জানায়, প্রায় ৫০০ বাংলাদেশি শরণার্থী অস্ট্রিয়ার শিবিরগুলোতে আশ্রয় প্রার্থনা করেছেন।
জীবন বাজি রেখে দীর্ঘ পথ পেরিয়ে শনিবার জার্মানিতে প্রবেশ করে প্রায় আট হাজার শরণার্থী। ওই দিন ট্রেনযোগে তাদের মধ্যে ৬ হাজার ৮০০ জন দক্ষিণাঞ্চলীয় শহর মিউনিখে পৌঁছায়। এরপর কাল সকালে তাদের সঙ্গে যোগ দিয়ে স্বস্তির নিশ্বাস ফেলে আরও ১ হাজার ২০০ জন। শরণার্থীদের আশ্রয় দিতে ইউরোপের দেশগুলোর প্রতি বিশ্বব্যাপী আহ্বান জোরালো হওয়ার পর তাতে সাড়া দিয়ে দৃশ্যত সন্তুষ্টচিত্তে এসব শরণার্থীকে বরণ করে নেয় জার্মানি।
শরণার্থীরা ট্রেন থেকে মিউনিখে নামার পর পুলিশ আগে থেকে অপেক্ষমাণ বাসে তাদের তুলে দেয়। সেখান থেকে তাদের নিয়ে
যাওয়া হয় অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোতে। দেশের বিভিন্ন প্রান্তে সরকারি ভবন, আবাসিক হোটেল ও সেনাসদস্যদের ব্যারাকে আশ্রয়কেন্দ্রগুলো খোলা হয়েছে।
এদিকে অস্ট্রিয়া বলেছে, শনিবার হাঙ্গেরি থেকে তাদের সীমান্তে ঢুকেছে প্রায় নয় হাজার শরণার্থী। শরণার্থীর ঢল কিছুটা মন্থর হয়ে এলেও এখনো অনেকে হেঁটে অস্ট্রিয়ার পথে রয়েছে।
জার্মানিতে আসা শরণার্থীদের একজন সংঘাত-জর্জরিত সিরিয়ার হোমস শহরের ২৬ বছর বয়সী এক যুবক। বলছিলেন তাঁর কষ্টের কথা, ‘আমার পায়ের আঙুলগুলো আহত হয়েছে, অনেক রক্ত জমেছে, এ নিয়েই আমাকে অনেক পথ হাঁটতে হয়েছে।’
অস্ট্রিয়া-জার্মান সীমান্তে জড়ো হওয়া শরণার্থীদের চিকিৎসাদানকারী সংস্থা রেডক্রসের মুখপাত্র আন্দ্রেস জ্যঁঙ্কার বলেন, এদের অনেকেই গুরুতর আহত হয়েছে।
চলতি বছর এখন পর্যন্ত ইইউ ভুক্ত ২৮টি দেশের সীমান্তে এসেছে প্রায় সাড়ে তিন লাখ শরণার্থী ও অভিবাসী। হাঙ্গেরি জানায়, এ বছর দেশটিতে ঢুকে ১ লাখ ৬৫ হাজার অভিবাসী নিবন্ধন করেছে। নিবন্ধন ছাড়াও আছে অসংখ্য অভিবাসী। এ অবস্থায় ১৫ সেপ্টেম্বর থেকে সীমান্ত বন্ধ করে দেওয়ার কথা ভাবছে সরকার।
জাতিসংঘের তথ্যমতে, ইউরোপে যেতে বিপজ্জনকভাবে সাগর পাড়ি দিতে গিয়ে চলতি বছর এ পর্যন্ত প্রাণ হারিয়েছে ২ হাজার ৫০০ মানুষ। জানুয়ারি থেকে এ পর্যন্ত প্রায় দুই লাখ মানুষ গ্রিসের উপকূলে পৌঁছেছে। ইতালি গেছে আরও ১ লাখ ১০ হাজার। আর গত বছর সব মিলিয়ে ওই পথে ইউরোপে গিয়েছিল ২ লাখ ১৯ হাজার মানুষ।
ইইউর শীর্ষ সম্মেলন আহ্বান: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ মহাদেশে দেখা দেওয়া ভয়াবহতম এই শরণার্থী-সংকট মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জরুরি সম্মেলন আহ্বান করেছে অস্ট্রিয়া। অস্ট্রিয়ার চ্যান্সেলর ওয়ার্নার ফেম্যান সতর্ক করে বলেছেন, হাঙ্গেরি থেকে তাঁর দেশ যে হাজার হাজার শরণার্থীকে নিজ মাটিতে ঢোকার সুযোগ দিচ্ছে, সেটা শরণার্থী-সংকট সমাধানে সাময়িক ব্যবস্থামাত্র। বিপুলসংখ্যক শরণার্থীর সমস্যা মিটমাটে সম্মিলিত পদক্ষেপ নিতে ২৮ জাতির ইইউর প্রতি আহ্বান জানান তিনি।
১৪ সেপ্টেম্বর ইইউ স্বরাষ্ট্রমন্ত্রীদের অনুষ্ঠেয় বৈঠকের পর অনতিবিলম্বে সংস্থার শীর্ষ সম্মেলন আয়োজনের ডাক দিয়ে ফেম্যান বলেন, শরণার্থী-সংকট মোকাবিলায় অভিন্ন ইউরোপীয় সমাধানের কোনো বিকল্প নেই।
সমাধান নিয়ে বিভক্ত ইউরোপ: শরণার্থী-সংকট সমাধানের পথ নিয়ে ইউরোপীয় সরকারগুলোর মধ্যে দেখা দিয়েছে গভীর বিভক্তি। হাঙ্গেরি, গ্রিস ও পূর্ব ইউরোপের কিছু দেশ যখন শরণার্থীদের ব্যাপারে কঠোর অবস্থান নিচ্ছে, তখন ইউরোপের বাকি অংশে শরণার্থীদের প্রতি পরিলক্ষিত হচ্ছে কিছুটা সহানুভূতি। এ অবস্থান স্পষ্টতই বিপরীতমুখী।
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী জুহা সিপিলা শনিবার বলেছেন, তিনি দেশটির উত্তরাঞ্চলের কেমপেলে নিজের বাড়ি আশ্রয়প্রার্থীদের জন্য ছেড়ে দিতে চেয়েছেন। তিনি মূলত রাজধানী হেলসিংকিতে থাকেন। আর ঘরে-বাইরে চাপের মুখে থাকা ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, তাঁর দেশ সিরিয়া থেকে ১৫ হাজার শরণার্থীকে আশ্রয় দিতে তৈরি। এ ছাড়া ইউরোপের যাজকপল্লি, সব ধর্মীয় সম্প্রদায়, সন্ন্যাসী আশ্রম ও উপাসনালয়ের প্রতি একটি করে শরণার্থী পরিবার গ্রহণ করার আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস।
অস্ট্রিয়ায় ৫০০ বাংলাদেশি: ইউএনবি জানায়, প্রায় ৫০০ বাংলাদেশি শরণার্থী অস্ট্রিয়ার শিবিরগুলোতে আশ্রয় প্রার্থনা করেছেন। বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল গতকাল সন্ধ্যায় অস্ট্রিয়ায় অবস্থানরত এক বাংলাদেশি সাংবাদিকের সঙ্গে টেলিফোনে কথা বলে। ওই সাংবাদিকের ভাষ্য, প্রতি মাসে প্রায় ১৫ থেকে ২০ জন বাংলাদেশি অস্ট্রিয়ার শিবিরগুলোতে নিবন্ধিত হচ্ছেন। এ পর্যন্ত প্রায় ৫০০ বাংলাদেশি সেখানকার শিবিরগুলোতে নাম নিবন্ধন করেছেন। যদিও অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশি দূতাবাসের কোনো কর্মকর্তা আশ্রয়প্রার্থীদের সুনির্দিষ্ট সংখ্যার কথা নিশ্চিত করেননি।
সম্প্রতি ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ২৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।