এক মায়ের আকুল আবেদন
এক মা তাঁর মেয়ে ও নাতি-নাতনিদের সহায়তায় এগিয়ে আসতে অস্ট্রেলিয়ার সরকারের প্রতি আকুল আবেদন জানিয়েছেন। ওই মায়ের ভাষ্য, তাঁর মেয়ে ‘সারা জীবনের ভুল’ করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) এক যোদ্ধার স্ত্রী হয়ে। স্বামীর মৃত্যুর পর পাঁচ সন্তানকে নিয়ে কঠিন সংগ্রামে পড়েছে তাঁর মেয়ে। একমাত্র সরকারই তাঁর মেয়ে ও নাতি-নাতনিদের রক্ষা করতে পারে বলে আশা ওই মায়ের।
বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, ক্যারেন নেটলটনের মেয়ে বিয়ে করেন খালেদ শরফকে। খালেদ আর তাঁর বন্ধু মোহামেদ ইলোমার আইএসের হয়ে লড়তে অস্ট্রেলিয়া ছাড়েন। খবর এসেছে, গত সপ্তাহে ইরাকের মসুলে লড়াইয়ের সময় এই দুজন নিহত হন। তবে বুধবার কর্মকর্তারা বলেছেন, এই দুজন সম্ভবত সিরিয়ায় মারা গেছেন।
শরফ তাঁর কর্মকাণ্ডের জন্য গত বছর প্রথমবারের মতো কুখ্যাতি অর্জন করেন। তিনি নিজের ও তাঁর সাত বছরের সন্তানের ভয়ংকর ছবি টুইটারে পোস্ট করেন। ওই ছবিতে দেখা যায়, তিনি ও তাঁর সন্তান সিরিয়ার যোদ্ধাদের খণ্ডিত মস্তক হাতে দাঁড়িয়ে।
শরফ তাঁর ১৩ বছর বয়সী মেয়ের বিয়ে দেন বন্ধু মোহামেদ ইলোমার সঙ্গে। তিনি ও তাঁর মেয়ে সিরিয়ার যোদ্ধাদের খণ্ডিত মস্তক হাতে দাঁড়িয়ে—এমন ছবিও তিনি টুইটারে প্রকাশ করেন। তাঁরা সবাই ২০১৩ সালে সিরিয়া ছাড়েন বলে ধারণা করা হয়।
ক্যারেন নেটলটন মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, ‘খালেদ শরফ ও মোহামেদ ইলোমার মৃত্যুর পর আমার মেয়ে ও নাতি-নাতনিদের আরও বেশি যত্ন ও ভালোবাসা প্রয়োজন। এই যত্ন ও ভালোবাসা তাদের আতঙ্ক ও ভয়ংকর অভিজ্ঞতা মুছে দিতে সহায়তা করবে। ইরান ও সিরিয়ার হাজার হাজার বাস্তুচ্যুত মানুষের মতো তাদেরও ঘরে ফেরা প্রয়োজন। আমার মেয়ে সারা জীবনের ভুল করেছে। এখন সে একেবারে একা। সঙ্গে তার বিধবা মেয়ে ও অন্য সন্তানেরা।’
ক্যারেন নেটলটন তাদের দেশে ফিরিয়ে আনতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোটের কাছে কাতর আবেদন জানিয়ে বলেন, ‘জনাব অ্যাবোট, আমি আপনার কাছে প্রার্থনা করছি, আমার সন্তান ও নাতি-নাতনিদের বাড়ি আসার ব্যাপারে দয়া করে সহায়তা করুন।’
এই দুজনের মৃত্যুর খবরের সত্যতা এখনো অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ নিশ্চিত হতে পারেনি।
অ্যাবোট সরকার গতকাল বুধবার পার্লামেন্টে দ্বৈত নাগরিকদের মধ্যে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট তাদের কঠোরভাবে দমন করতে নতুন আইন করেছে। প্রধানমন্ত্রী অ্যাবোট এই ছোট ছোট ছেলেমেয়ের জন্য দুঃখ প্রকাশ করেছেন। তবে একই সঙ্গে তিনি এও বলেছেন, বাবা-মায়ের কৃতকর্মের দায় সন্তানদের ওপর চাপানো ঠিক হবে না। তবে অপরাধীদের পরিবারকে যেভাবে দেখা হয়, এই পরিবারকেও একইভাবে দেখা হবে।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ বলেন, দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত শরফের স্ত্রী ও সন্তানদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, ১২০ জন অস্ট্রেলীয় নাগরিক ইরাক ও সিরিয়ায় লড়াই করছে। তাদের মধ্যে ৩০ জন নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সরকারের তরফ থেকে বলা হয়েছে, গত মাসে ইরাক ও সিরিয়ার আইএস দখলকৃত এলাকা থেকে ৩০ জন দেশে ফিরেছে।