এক লাখ অভিবাসী ফেরত পাঠাবে জার্মানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানি থেকে চলতি বছর এক লাখ অনিবন্ধিত অভিবাসীকে ফেরত পাঠানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে দেশটি। প্রত্যাশিত এ সংখ্যা অন্যবারের তুলনায় বেশি হওয়ায় এতে সন্তোষ প্রকাশ করেছেন জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী থমাস ডি মেইজার।
গতকাল বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী থমাস ডি মেইজার এই সন্তোষ প্রকাশ করেন। তবে তিনি বলেন, গত বছর জার্মানিতে যে রেকর্ডসংখ্যক অভিবাসীর আগমন ঘটেছে, তা বিবেচনায় এটা যথেষ্ট নয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বর্তমানে যে হারে অভিবাসীরা জার্মানি ছাড়ছেন, তাতে ৯০ হাজার থেকে ১ লাখ মানুষকে আমরা এ বছর প্রত্যাবর্তন বা স্বেচ্ছা-ফেরত পাঠাতে সক্ষম হব। এটা ভালো খবর। তবে খুব ভালো নয়। তাই যাদের জার্মানি ছাড়তে হবে তাদের ফেরত পাঠানো যাতে নিশ্চিত করা যায় সে লক্ষ্যে আমাদের অবশ্যই কাজ করে যেতে হবে।’
গত জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বিনা অনুমতিতে জার্মানিতে থাকা প্রায় ২০ হাজার অভিবাসীকে সরকারি কর্মসূচির আওতায় স্বেচ্ছা-ভিত্তিতে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে।