একটি বোমার জন্য...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মানির ফ্র্যাঙ্কফুর্টে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবিস্ফোরিত বোমার সন্ধান পাওয়া গেছে। সে স্থানটি ঘিরে রাখা হয়েছে। ছবি: এএফপি
জার্মানির ফ্র্যাঙ্কফুর্টে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবিস্ফোরিত বোমার সন্ধান পাওয়া গেছে। সে স্থানটি ঘিরে রাখা হয়েছে। ছবি: এএফপি

জার্মানির ফ্রাঙ্কফুর্টে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের অবিস্ফোরিত একটি বোমার সন্ধান পেয়েছে পুলিশ। বোমাটি নিষ্ক্রিয় করতে ওই এলাকার প্রায় ৭০ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হবে। আজ শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর অবিস্ফোরিত একটি বোমার জন্য এত বেশি লোককে সরিয়ে নেওয়ার অন্যতম ঘটনা হবে এটি।

ফ্রাঙ্কফুর্টের গ্যোটে বিশ্ববিদ্যালয়ের কাছে বোমাটি পাওয়া যায়। ওই ব্রিটিশ বোমাটির ওজন ১ দশমিক ৪ টন। একটি সড়ককে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার ক্ষমতাসম্পন্ন এই বোমাকে বলা হতো ‘ব্লকবাস্টার’।

ওই বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় ব্যাংক এবং হাসপাতাল থেকেও লোকজনকে সরিয়ে নেওয়া হবে। পুলিশ জানিয়েছে, বিমান হামলার সময় ব্রিটিশ বাহিনী এই বোমাটি ব্যবহার করে। যেখানে বোমাটির সন্ধান পাওয়া গেছে, সে স্থানটি পাহারা দেওয়া হচ্ছে। তবে বর্তমানে কোনো বিপদ নেই।

বোমা নিষ্ক্রিয়করণে বিশেষজ্ঞরা বোমাটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখছেন। তাঁরা বলেছেন, ব্যাপক আকারে লোকজনকে সরিয়ে নেওয়ার জন্য সপ্তাহান্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফ্রাঙ্কফুর্ট পুলিশের একজন মুখপাত্র বলেছেন, ‘আমরা এখনো লোকজনকে সরানোর পরিকল্পনার বিষয়টি নিয়ে ভাবছি।’

জার্মানিতে মাটির নিচে প্রায়ই অবিস্ফোরিত বোমার সন্ধান পাওয়া যায়। গত শনিবার জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর কবলেঞ্জে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার অবিস্ফোরিত একটি বোমার সন্ধান পাওয়া যায়। ওই শহর থেকে ২০ হাজারেরও বেশি লোককে সরিয়ে নেওয়া হবে।

চলতি বছরের মে মাসে হ্যানোভারে তিনটি ব্রিটিশ বোমা নিষ্ক্রিয় করেন বিশেষজ্ঞরা। এ সময় সেখান থেকে প্রায় ৫০ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়।

এর আগে ২০১৬ সালের ডিসেম্বরে জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহর আউকসবার্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের প্রায় দুই টনের একটি বোমার সন্ধান পাওয়া যায়। বোমাটি নিষ্ক্রিয় করার জন্য শহরটি থেকে ৫০ হাজারের বেশি লোককে সরিয়ে নেওয়া হয়। ২০১৫ সালের মে মাসে এক টনের একটি বোমার সন্ধান পাওয়ার পর দেশটির চতুর্থ বৃহত্তম শহর কোলোইন থেকে ২০ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়।

২০১২ সালের জানুয়ারিতে অয়েসকেজিন শহরে খননের সময় খননযন্ত্রের আঘাতে অবিস্ফোরিত একটি বোমা বিস্ফোরিত হলে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়।

২০১১ সালের ডিসেম্বরে রাইন নদীগর্ভে দুটি বোমার সন্ধান পাওয়া যায়। তখন ওই নদীর তীরে অবস্থিত শহর কুবলেঞ্চ থেকে ৪৫ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়। বোমা দুটি নিষ্ক্রিয় করতে তিন ঘণ্টা সময় লাগে।

২০১০ সালে গোটিনেন শহরের একটি ভবনের পাশে সন্ধান পাওয়া একটি বোমা নিষ্ক্রিয় করার সময় বোমা নিষ্ক্রিয়কারী দলের তিন সদস্য নিহত হন।