এখনই ইইউর সদস্যপদ পাচ্ছে না ইউক্রেন
পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগ দিতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছিল ইউক্রেন। কিন্তু দেশটি এখনই যে ইইউতে যোগ দিতে পারছে না, তা স্পষ্ট করে দিলেন জোটের নেতারা। ফ্রান্সের ভার্সাই শহরের দুই দিনের সম্মেলন শেষে জানিয়ে দেওয়া হলো, শর্ত পূরণ করেই ইউক্রেনকে জোটের সদস্য হতে হবে।
ইইউ জোটের সম্মেলন শেষে নেতারা একটি যৌথ বিবৃতি দিয়েছেন। তবে এই বিবৃতিতে তাঁরা বলেছেন, ইউক্রেন ইউরোপিয়ান পরিবারের সদস্য। এ ছাড়া ইউক্রেনের সামরিক খাতে সহায়তা দিতে অতিরিক্ত ৫০ কোটি মার্কিন ডলারের বেশি বরাদ্দ করেছে জোট।
২৭ দেশের এই জোটের সম্মেলন শেষ হয়েছে গতকাল শুক্রবার। ওই সম্মেলনের পর ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ইউক্রেনের সদস্যপদ নিয়ে কথা বলেন। তিনি বলেন, ইউক্রেনকে সদস্য করতে ইইউ আলাদা ব্যবস্থা নিতে পারে না।
ডয়চে ভেলের খবরে বলা হয়েছে, ইইউর সদস্যপদ পেতে আবেদনের পর কয়েক বছর সময় লেগে যায়। অনেক সময় সদস্যপদ পেতে কয়েক দশক সময় লেগে যেতে পারে। মূলত ইইউর শর্ত পূরণ করতে এই সময় লাগে।
মাখোঁ বলেন, ‘যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে, এমন একটি দেশকে সদস্যপদ দিতে আমরা আলাদা নীতি গ্রহণ করতে পারি? এই প্রশ্নের সোজা উত্তর হলো, না।’
ফ্রান্সের প্রেসিডেন্ট গতকাল যে কথা বলেছেন, একই ধরনের কথা এর আগে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট ও জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ বলেছেন। শলৎজ বলেছিলেন, ‘আমরা অতীতে যে সিদ্ধান্ত নিয়েছি, তা অবশ্যই মেনে চলতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ।’
তবে ইউক্রেনের সদস্যপদ ইস্যুতে ইতিবাচক কথা বলেছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। তিনি বলেন, ‘আমাদের জোটে যোগ দিতে ইউক্রেনের জন্য আজ পথ খুলে দেওয়া হলো।’