এখনো রুশ রাজনীতিবিদদের আস্থায় পুতিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোয় সিটি ডে উদ্‌যাপন দেখছেন
ছবি: রয়টার্স

ইউক্রেনে হামলার পর থেকে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনায় মুখর। যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশ রাশিয়ার ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা দিয়েছে। পুতিন নিজেও নিষেধাজ্ঞার মুখে পড়েছেন। তারপরও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজের দেশের রাজনৈতিক অভিজাত মহলে নিজের আনুগত্য ধরে রাখতে পেরেছেন। কিন্তু কী সেই রহস্য?

বার্তা সংস্থা এএফপি বলছে, রাশিয়ার শিল্পীসমাজ ও গণমাধ্যমের প্রভাবশালী ব্যক্তিমহলে ইউক্রেন যুদ্ধ নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে। দেশটির ধনী ব্যবসায়ীরাও খোলাখুলি যুদ্ধের সমালোচনা করেছেন। কিন্তু প্রায় এক মাস পার হতে চলা যুদ্ধ নিয়ে মুখ বুজে রয়েছে দেশটির রাজনৈতিক মহল। রাশিয়ার অভ্যন্তরে পুতিনের ঘনিষ্ঠ মহল বা রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে যুদ্ধ নিয়ে টুঁ শব্দটি শোনা যায়নি।
রাজনৈতিক বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘আর ডট পলিটিকো’–এর প্রতিষ্ঠাতা তাতিয়ানা স্ট্যানোভায়া বলেন, ‘ইউক্রেন যুদ্ধ ঘিরে শাসকশ্রেণির মধ্যে বিভাজনের কোনো লক্ষণ দেখা যায়নি। কৌশলের ক্ষেত্রে পার্থক্য পরিলক্ষিত হলেও যুদ্ধের বিষয়ে সম্পূর্ণ ঐকমত্য দেখা গেছে।’

তাতিয়ানা বলেন, ‘আক্রমণ বিষয়ে চুপচাপ থাকা এবং এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়ার বিষয়ে পার্থক্য চোখে পড়ে। এ যুদ্ধ অনেক মানুষকে বড় ধরনের ধাক্কা দিয়েছে। অনেকেই মনে করেন, এটা ভুল। কিন্তু কেউ কিছু করতে পারেন না। সবাই নিজের টিকে থাকার বিষয়টিতে বেশি মনোযোগী।’

পশ্চিমা কূটনৈতিক সূত্রগুলো বলছে, রাশিয়ার অর্থনীতিতে নিষেধাজ্ঞার বিপর্যয়কর প্রভাবের ঝুঁকি সত্ত্বেও দেশটির রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তন আসবে, এমন কোনো লক্ষণ এখনো নেই।

১৮ মার্চ জনগণের উদ্দেশে বক্তব্য দেন পুতিন
ছবি: রয়টার্স

তাতিয়ানা স্ট্যানোভায়ার ভাষ্য, ইউক্রেনে হামলা নিয়ে রাশিয়ার অভ্যন্তরে বেশি সমালোচনা হয়েছে কট্টর ডানপন্থী প্রান্তিক স্তরের লোকজনের মধ্য থেকে। তাঁরা মনে করেন, রাশিয়ার পক্ষ থেকে খুব বেশি আগ্রাসী আক্রমণ চালানো হচ্ছে না।
রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনগুলোতে ক্রেমলিনের স্তুতি চলছে। ক্রেমলিনের পক্ষ থেকে ইউক্রেনে হামলার বিষয়টি পশ্চিমা আগ্রাসন ঠেকানোর জন্য বিশেষ সামরিক অভিযান হিসেবে তুলে ধরা হচ্ছে। টেলিভিশনে একে বীরত্বপূর্ণ মিশন হিসেবে প্রচার করা হচ্ছে।

কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেশটির উদারপন্থী বিরোধী দল যেন উবে গেছে। পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী দলগুলো সব সময় ক্রেমলিনের সুরেই সুর মিলিয়ে থাকে। এ ক্ষেত্রেও তার ব্যতিক্রম দেখা যায়নি।

ক্রেমলিন সমালোচক হিসেবে পরিচিত রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনিও এখন কারাগারে। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা তাস জানিয়েছে, নাভালনিকে আজ মঙ্গলবার জালিয়াতির জন্য দোষী সাব্যস্ত করেছেন মস্কোর একটি আদালত। তাঁর বিরুদ্ধে আদালত অবমাননা ও দুর্নীতিবিরোধী সংস্থা থেকে চুরির অভিযোগ আনা হয়েছে।

মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, কৌঁসুলিরা নাভালনির ১৩ বছরের কারাদণ্ড চান। বার্তা সংস্থা রয়টার্স জানায়, বড় ধরনের জালিয়াতি ও আদালত অবমাননার দায়ে আলাদত নাভালনিকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছেন।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের রাশিয়ান রাজনীতিবিষয়ক সহযোগী অধ্যাপক বেন নোবেল বলেন, ‘রাশিয়ার শাসকমহলের অভিজাতদের মধ্যে জনসমক্ষে নাটকীয় বিভাজন না দেখতে পাওয়াটা আশ্চর্যের কিছু নয়। পুতিন এমন একটি পদ্ধতি দাঁড় করিয়ে রেখেছেন, যাতে তাঁর চারপাশে অনুগত লোকজন ভরা থাকে। তাঁরাও পশ্চিমাদের প্রতি পুতিনের মতোই দৃষ্টিভঙ্গি পোষণ করেন। অথবা কেউ কেউ পুতিনের সামনে তাঁদের মতামত জানাতে ভয় পান।’

ইউক্রেনে হামলা শুরুর আগে রাজনীতিবিদদের নিয়ে নিরাপত্তা বৈঠক করেন পুতিন
ছবি: রয়টার্স

ইউক্রেনে হামলা শুরুর তিন দিন আগে গত ২১ ফেব্রুয়ারি দেশের রাজনৈতিক নেতাদের নিয়ে নিরাপত্তা সম্মেলন করেন পুতিন। সেখানে তিনি ইউক্রেনের মস্কোপন্থী বিচ্ছিন্ন অঞ্চলগুলোকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে আলোচনা করেন। সম্মেলনে একে একে ১৩ জন নেতা নাটকীয়ভাবে দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলকে স্বীকৃতি দেওয়ার পক্ষে সায় দেন। ওই পদক্ষেপকেই ইউক্রেন যুদ্ধের সূচনা হিসেবে দেখা হয়।

পশ্চিমা নিরাপত্তা সূত্রগুলোর ধারণা, ২১ ফেব্রুয়ারির ওই সম্মেলনে পুতিনের অত্যন্ত ঘনিষ্ঠ চক্রের তিনজন উপস্থিত ছিলেন। ওই তিনজন হলেন প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু, জাতীয় নিরাপত্তা পরিষদের সবিচ নিকোলাই পাত্রুশেভ ও ফেডারেল সিকিউরিটি সার্ভিসের প্রধান আলেকজান্ডার বোর্টনিকভ।

ওই আলোচনায় যাঁরা উপস্থিত ছিলেন বা আরও নিম্নপদস্থ কর্মকর্তাদের কাছ থেকেও সামান্যতম ভিন্নমতের গুঞ্জনও শোনা যায়নি।

গত ১৬ মার্চ রুশ প্রেসিডেন্টের পক্ষ থেকে ক্রেমলিনের অবাধ্যতার ভয়াবহ পরিণতি নিয়ে সতর্ক করা হয়। বলা হয়, পশ্চিমারা রাশিয়াকে দুর্বল করতে ‘পঞ্চম কলাম’ তথা জাতির প্রতি বিশ্বাসঘাতকদের ওপর বাজি ধরেছে।

এখন পর্যন্ত সাবেক বা বর্তমান ক্রেমলিন ঘনিষ্ঠদের মধ্যে পদ ছেড়েছেন সাবেক উপপ্রধানমন্ত্রী আর্কেডি ডোরকোভিচ। মার্কিন এক সাময়িকীকে সাক্ষাৎকার দিয়ে যুদ্ধের বিরুদ্ধে কথা বলেছেন এবং একটি উদ্যোক্তা সংস্থার পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

অন্য উদারপন্থী নেতাদের মধ্যে সাবেক অর্থমন্ত্রী অ্যালেক্সি কুদরিন রয়েছেন, যিনি রাশিয়ার অডিট চেম্বার প্রধান। তিনি ইউক্রেন যুদ্ধ নিয়ে নীরব ভূমিকা পালন করছেন।

দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রধান আলভিরা নাবিউলিনাকে নিয়ে বেশি কিছু গুঞ্জন ছিল। এই অর্থনীতিবিদ ২০১৩ সাল থেকে এ দায়িত্বে রয়েছেন। তিনি পুতিনের বিরুদ্ধে ভিন্নমত প্রকাশ করেছিলেন। ক্রেমলিনের এক বৈঠকে তাঁর বিষণ্ন ছবি ছড়িয়ে পড়ে। এ ছাড়া এক গোপন ভিডিওতে রাশিয়ার অর্থনীতি চরম পরিস্থিতিতে পড়েছে বলে তিনি স্বীকার করেন। ওই ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, এ ধরনের পরিস্থিতি ঘটুক, তিনি তা চান না।

কিন্তু ঘটনা বদলে গেছে। এ সপ্তাহে পুতিন আবার পার্লামেন্টের কাছে আলভিরাকে নতুন মেয়াদে মনোনয়ন দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। আলভিরাকে নিয়ে গুঞ্জন ছিল, ইউক্রেন যুদ্ধের প্রতিবাদে তিনি পদত্যাগ করতে পারেন। কিন্তু পুতিন সে গুঞ্জন থামিয়ে দিয়েছেন।

রাশিয়ার ব্যবসায়ী মহলে ইউক্রেন যুদ্ধ নিয়ে ব্যাপক উদ্বেগ রয়েছে। ইউক্রেনে হামলার ফলে নিষেধাজ্ঞার কবলে পড়ে বেশ কয়েকজন ধনী ব্যবসায়ীকে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এর মধ্যে ওলেগ দেরিপাসকা, মিকাইল ফ্রিডম্যানের মতো ব্যবসায়ীরও রয়েছেন। তবে তাঁরা খুব সতর্কভাবে শান্তির বার্তা দিয়েছেন মাত্র।
গত ৩ মার্চ রাশিয়ার বৃহত্তম ব্যক্তিমালিকানাধীন তেল কোম্পানি লুকোলির পক্ষ থেকে সংঘাত বন্ধের আহ্বান জানানো হয়।

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের সহযোগী অধ্যাপক বেন নোবেল বলেন, ইউক্রেনে হামলার ঘটনার পর রাশিয়ার অভিজাত মহলের অনেকেই বড় ধাক্কা খেয়েছিলেন। কারণ, তাঁদের অনেকেই সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন না। তাঁরা মনে করেছিলেন, পুতিন ইউক্রেনে হামলার পরিবর্তে কোনো নীতি পরিবর্তনের পরিকল্পনা করছেন।

তবে বেন নোবেল বলেন, ‘শান্তির জন্য আহ্বান করা এক জিনিস; আর সরাসরি পুতিনের সমালোচনা করা সম্পূর্ণ অন্য বিষয়।’

এএফপি, সিএনএন অবলম্বনে মো. মিন্টু হোসেন