এনজিওবিরোধী আইনে প্রেসিডেন্ট পুতিনের সই

রাশিয়ায় বিদেশি অর্থায়নে পরিচালিত বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কার্যক্রম নিষিদ্ধ করে প্রণীত আইন অনুমোদন করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন পররাষ্ট্র দপ্তর এতে অসন্তোষ জানিয়ে গত শনিবার বিবৃতি দিয়েছে। খবর এএফপি ও বিবিসির।
নতুন আইন অনুযায়ী রাশিয়ার সরকার জাতীয় নিরাপত্তার জন্য ‘অনাকাঙ্ক্ষিত’ বিবেচনায় বিদেশি এনজিওগুলোকে অভিযুক্ত করতে পারবে। আর এসব এনজিওতে কর্মরত ব্যক্তিদের জরিমানা অথবা ছয় মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
সমালোচকেরা বলছেন, ভিন্নমতাবলম্বীদের দমনের লক্ষ্যেই পুতিন সরকার এই আইন করেছে।
বিতর্কিত আইনটি গত সপ্তাহে রাশিয়ার পার্লামেন্টে পাস হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এ আইনের সমালোচনা করেছে। তাদের অভিযোগ, এতে অনেক অস্পষ্টতা রয়েছে। এটি ব্যবহার করে সরকারি কর্মকর্তারা রাশিয়ায় বিদেশি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে বাধা দেওয়ার সুযোগ পাবেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মেরি হার্ফ বলেন, তাঁরা উদ্বিগ্ন এই কারণে যে নতুন আইনটি রাশিয়ার সুশীল সমাজের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ আরোপ করবে। হার্ফ মন্তব্য করেন, এটি স্বাধীন মতপ্রকাশের বিরুদ্ধে রাশিয়ার সরকারের কঠোর অবস্থানের আরেকটি দৃষ্টান্ত। তা ছাড়া উদ্দেশ্যমূলক এই উদ্যোগের মাধ্যমে রাশিয়ার জনগণকে বিশ্বের কাছ থেকে পৃথক করে রাখা হচ্ছে।
রাশিয়ায় স্বাধীন সংবাদমাধ্যম, সুশীল সমাজ, সংখ্যালঘু সম্প্রদায় এবং রাজনৈতিক বিরোধীদের ওপর সরকারি নিয়ন্ত্রণ বৃদ্ধির ঘটনায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেন মুখপাত্র হার্ফ।
যুক্তরাজ্যের ইউরোপ-বিষয়ক মন্ত্রী ডেভিড লিডিংটন বলেন, নতুন আইনটি এনজিওগুলোর প্রতি রাশিয়ার ‘হয়রানিমূলক আচরণের’ আরেকটি দৃষ্টান্ত।
তবে আইনটির সমর্থকেরা মনে করেন, বহির্বিশ্বের প্রভাব থেকে রাশিয়াকে সুরক্ষিত রাখার জন্য এটি অপরিহার্য। ইউক্রেনে চলমান অস্থিরতার ঘটনায় রাশিয়ার জড়িয়ে পড়ার মতো পরিস্থিতিতে এই আইনটির প্রয়োজন রয়েছে।
রাজনীতিতে যুক্ত এনজিওগুলোর ওপর রাশিয়ায় ইতিমধ্যে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। ২০১২ সালের একটি আইনের আওতায় তাদের ‘বিদেশিদের এজেন্ট’ হিসেবে নিবন্ধন করাতে হয়।