এবার অভিবাসীর চাপ কমাচ্ছে জার্মানি
অভিবাসীর চাপ কমানোর জন্য জার্মানি নতুন একটি পরিকল্পনা গ্রহণ করেছে। এতে আলজেরিয়া, মরক্কো ও তিউনিসিয়াকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। জার্মানির অর্থমন্ত্রী সিগমার গাব্রিয়েল বলেছেন, নতুন পরিকল্পনা অনুযায়ী ওই দেশগুলো থেকে আসা মানুষকে উদ্বাস্তু হিসেবে আশ্রয় দেওয়া হবে না।
ইউরোপের আরেক দেশ সুইডেন আশ্রয়ের আবেদন ব্যর্থ হলে ৮০ হাজার অভিবাসন-প্রত্যাশীকে বহিষ্কার করার কথা ভাবছে—এ খবর প্রকাশের পরদিনই জার্মানির পরিকল্পনার কথা জানানো হলো। খবর বিবিসির।
জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের দল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটস এবং তাঁদের শরিক দল অর্থমন্ত্রী সিগমার গাব্রিয়েলের সোশ্যাল ডেমোক্র্যাটসের নেতারা অভিবাসন ইস্যুতে আলোচনা করার পর অর্থমন্ত্রী এ ঘোষণা দিলেন।
জার্মানিতে ইতিমধ্যে সাম্প্রতিক সময়ে সিরিয়ার মতো বিভিন্ন সংকট-কবলিত দেশ থেকে আসা ১১ লাখ লোককে অভিবাসীর মর্যাদা দেওয়ার প্রক্রিয়া চলছে। ক্রমবর্ধমান এই অভিবাসীর চাপে সরকারের ভেতর ও বাইরের বিভিন্ন মহল উদ্বেগ প্রকাশ করে আসছে। এর পরিপ্রেক্ষিতে ক্ষমতাসীন জোটভুক্ত দলগুলো নতুন অভিবাসন পরিকল্পনা গ্রহণ করে। তবে এই পরিকল্পনা কার্যকর করতে সরকার ও পার্লামেন্টের চূড়ান্ত অনুমোদনের প্রয়োজন হবে।
অর্থমন্ত্রী সিগমার গাব্রিয়েল জোট সরকারের নতুন পরিকল্পনাকে ‘ভালো ভাবনা’ বলে উল্লেখ করেছেন। মরক্কো ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, তার দেশের কোনো অবৈধ নাগরিককে জার্মানি ফেরত পাঠাতে চাইলে তাকে গ্রহণ করতে মরক্কো প্রস্তুত রয়েছে।
ম্যার্কেলের জনপ্রিয়তা কমেছে: এএফপি জানায়, জার্মানির ফোকাস সাময়িকী পরিচালিত একটি জরিপে দেখা গেছে, অভিবাসীদের জন্য জার্মানির সীমান্ত খুলে দেওয়ার নীতি গ্রহণ করায় দেশটির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের জনপ্রিয়তায় ভাটা পড়েছে। ম্যার্কেলের উদারপন্থী অভিবাসন নীতির কারণে দেশটির প্রায় ৪০ শতাংশ মানুষ মনে করে তাঁর সরে দাঁড়ানো উচিত। গতকাল শুক্রবার জরিপটির ফল প্রকাশ করা হয়।