এবার আলেপ্পোর দিকে এগোচ্ছে বাশার বাহিনী
রাশিয়ার বিমান হামলার সহায়তা নিয়ে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর দিকে এগিয়ে যাচ্ছে দেশটির সরকারি বাহিনী। বিদ্রোহীদের শক্ত ঘাঁটি বলে পরিচিত ওই শহরের দক্ষিণাঞ্চল দিয়ে গতকাল শুক্রবার আক্রমণ শুরু করেছে তারা।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে বেশ অগ্রগতি অর্জন করেছে মস্কো। খবর এএফপির।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, শুক্রবার সকালে আলেপ্পোর দক্ষিণ দিক দিয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা শুরু করেছে সরকারি বাহিনী। ওই এলাকার কিছু অংশের নিয়ন্ত্রণ সরকারি বাহিনীর হাতে থাকলেও বেশ কিছু অংশ বিদ্রোহীদের দখলে রয়েছে। সরকারি বাহিনীর হামলা শুরুর সময় ওই এলাকার আল-হাদের ও খান তুমানসহ বেশ কয়েকটি গ্রামে বিমান হামলা চালায় রাশিয়া।
সিরিয়ান অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান বলেন, আলেপ্পো শহর থেকে ১২ মাইল দক্ষিণে কয়েকটি গ্রামের নিয়ন্ত্রণ নিতে শুক্রবার সকালে হামলা শুরু করেছে সরকারি বাহিনী।
সিরিয়ান অবজারভেটরির তথ্যমতে, রুশ হামলার সহায়তা নিয়ে গত বৃহস্পতিবার হোমসে বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা শুরু করে সরকারি বাহিনী। ওই হামলায় অন্তত ৪৩ জন নিহত হন। ৩০ সেপ্টেম্বর সিরিয়ায় রুশ অভিযান শুরু হওয়ার পর হোমস ও আলেপ্পো ছাড়া হামা ও লাতাকিয়া প্রদেশে অভিযান শুরু করেছে সরকারি বাহিনী।
প্রেসিডেন্ট পুতিন গতকাল সাবেক সোভিয়েত দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে দাবি করেন, সিরিয়ায় আইএসের বিরুদ্ধে রুশ অভিযানে মস্কো ইতিমধ্যে অগ্রগতি অর্জন করেছে। সন্ত্রাসবাদ মোকাবিলায় সহযোগিতার বিষয়ে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), মিসর, জর্ডান ও ইসরায়েলের সঙ্গে মতৈক্যে পৌঁছেছে রাশিয়া।
ওবামা-এরদোয়ান ফোনালাপ: বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, সিরিয়ায় রুশ অভিযান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গতকাল ওই ফোনালাপে আইএসের বিরুদ্ধে অভিযানের বিষয়েও ওই দুই নেতার আলোচনা হয়। এক বিবৃতিতে জানানো হয়, আইএসের বিরুদ্ধে সামরিক চাপ বৃদ্ধি ও সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধানের পরিস্থিতি সৃষ্টি করতে মধ্যপন্থী বিদ্রোহীদের শক্তি বৃদ্ধির প্রয়োজন বলে একমত হন দুই নেতা।
‘রাশিয়া বাশারকে রক্ষা করতে পারবে না’: ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন, সিরিয়ায় রাশিয়ার সামরিক অভিযান সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে রক্ষা করতে পারবে না। ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে ওলাঁদ বলেন, ‘এটা স্পষ্ট যে বাশার ভবিষ্যতে থাকতে পারবেন না। আমাদের অবশ্যই যত দ্রুত সম্ভব, সিরিয়ায় রাজনৈতিক পরিবর্তনের দিকে যেতে হবে।’