এবার ফ্রান্সে গাড়িচাপায় একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় একটি শহরে গতকাল সোমবার একটি ভ্যান দুর্ঘটনার মুখে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ বলেছে, বন্দরনগরী মাখসেইয়ার ভিন্ন দুটি জায়গায় এক ঘণ্টার ব্যবধানে দুটি বাস ডিপোয় দুর্ঘটনা ঘটায় ভ্যানটি। এ ঘটনায় পুরোনো বন্দর এলাকা থেকে ভ্যানটির ৩৫ বছর বয়সী চালক গ্রেপ্তার হয়েছেন।

ফরাসি পুলিশ বলছে, ছোটখাটো অপরাধ এবং মানসিক সমস্যার জন্য গ্রেপ্তার চালক আগে থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পরিচিত ছিলেন। তদন্তকারী কর্তৃপক্ষ বলেছে, এ ঘটনাকে তারা সন্ত্রাসী হামলা বলে বিবেচনা করছে না।

প্রথম দুর্ঘটনায় গুরুতর আহত হন চল্লিশের কোঠার এক নারী। পরে তিনি নিহত হন। তবে তাঁর পরিচয় শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়নি।

মাখসেইয়ার অ্যালায়েন্স পুলিশ ইউনিয়নের সদস্য ডেভিড রেভারডি ফরাসি সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল বিএফএম টিভিকে বলেন, স্থানীয় সময় সকাল সোয়া আটটার দিকে শহরের উত্তরাঞ্চলে একটি বাস ডিপোয় দুর্ঘটনার মুখে পড়েন ওই ভ্যানচালক। এর এক ঘণ্টা পর কয়েক কিলোমিটার দূরে শহরের দক্ষিণাঞ্চলে আরেকটি বাস ডিপোয় আবার দুর্ঘটনার শিকার হন তিনি।

স্পেনে গত বৃহস্পতি ও শুক্রবার পথচারীদের ওপর ভ্যান তুলে দিয়ে হামলার ঘটনার পরপরই ফ্রান্সে এ ঘটনা ঘটল।