রাশিয়ায় ছুরিকাঘাতে সাত ব্যক্তি আহত হয়েছেন। পুলিশের গুলিতে হামলাকারী নিহত হন। মস্কো থেকে ২ হাজার ১০০ কিলোমিটার পূর্বে সাইবেরিয়ার সুরগুত শহরে গত শনিবার বেলা ১১টার কিছু পর এ ঘটনা ঘটে। এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস।
নিরাপত্তা সূত্র বলেছে, হামলাকারী ওই ব্যক্তি ছুরি নিয়ে পথচারীদের ওপর চড়াও হন। একের পর এক ব্যক্তিকে তিনি ছুরিকাঘাত করতে থাকেন।
রাশিয়ায় বড় ধরনের অপরাধ তদন্তকারী ইনভেস্টিগেটিভ কমিটি বলেছে, খবর পেয়ে পুলিশ বাহিনীর সশস্ত্র সদস্যরা ঘটনাস্থলে যান। তাঁদের গুলিতে হামলাকারী নিহত হন।
ইনভেস্টিগেটিভ কমিটি আরও বলেছে, হামলার প্রকৃতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আপাতত এ ঘটনাকে ‘হত্যাচেষ্টা’ বলেই মনে করা হচ্ছে। তবে হামলাকারীর পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়েছে কর্তৃপক্ষ। সুরগুতেরই স্থানীয় বাসিন্দা ছিলেন তিনি। ২৩ বছর বয়সী ওই যুবকের মানসিক সমস্যা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
আঞ্চলিক স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা মুখ ঢাকা হামলাকারীকে গুলি করার আগে সতর্কতা হিসেবে ফাঁকা গুলি ছোড়েন।
আঞ্চলিক সরকার এক বিবৃতিতে বলেছে, ছুরিকাঘাতে আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত সাত ব্যক্তির মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। বাকি পাঁচজন শঙ্কামুক্ত রয়েছেন।