
তুরস্কে সামরিক অভ্যুত্থানচেষ্টার ঘটনায় দেশটির সশস্ত্র বাহিনীর ৯৯ জন জেনারেল ও অ্যাডমিরালকে গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে।
গতকাল প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তাঁর অনুগত সামরিক কর্মকর্তা ও মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক করেন। এদিকে অভ্যুত্থানের পর সরকার, বিভিন্ন বাহিনী, প্রচারমাধ্যম, শিক্ষাপ্রতিষ্ঠান ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক চলমান শুদ্ধি অভিযানের ধারাবাহিকতায় গতকাল শিক্ষাবিদদের বিদেশ সফরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ ৯৯ কর্মকর্তাকে অভিযুক্ত করার মধ্য দিয়ে তুরস্কের শীর্ষ ৩৫৬ জন সামরিক কর্মকর্তার প্রায় এক-তৃতীয়াংশকেই অভিযুক্ত করা হলো। এদিকে শিক্ষাবিদদের বিদেশ সফরের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি বিদেশে কাজ বা ছুটিতে থাকা সব শিক্ষাবিদকে সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে দেশে ফেরার নির্দেশ দিয়েছে সরকার।
শিক্ষা খাতে শুদ্ধি অভিযানের কারণ হিসেবে কর্তৃপক্ষ বলছে, সরকার যুক্তরাষ্ট্রপ্রবাসী তুর্কি ধর্মীয় নেতা ফেতুল্লা গুলেনের অনুসারীদের নির্মূল করতে চায়। সরকারের ধারণা, অভ্যুত্থানচেষ্টার পেছনে কলকাঠি এই নেতাই নেড়েছেন। আর শিক্ষা খাতে তাঁর যথেষ্টসংখ্যক অনুসারী রয়েছেন।
ক্ষমতাসীন একে পার্টির শীর্ষ নেতাদের একজন মুস্তফা সেনতোপ গতকাল বলেন, তুরস্কের সংবিধানে জরুরি অবস্থা ঘোষণার ব্যবস্থা আছে। তবে এ ধরনের ব্যবস্থা নেওয়া হবে কি না, তা তিনি জানেন না। এনটিভি চ্যানেলে সরাসরি প্রচারিত বক্তব্যে তিনি বলেন, জরুরি অবস্থা ঘোষিত হলে তা ছয় মাস পর্যন্ত চলবে।
কর্মকর্তারা বলেছেন, সামরিক অভ্যুত্থানচেষ্টায় কোনো না কোনোভাবে জড়িত থাকার অভিযোগে গতকাল পর্যন্ত বিভিন্ন বাহিনী ও প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রের প্রায় ৬০ হাজার কর্মকর্তা-কর্মচারীকে আটক, বহিষ্কার বা সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁদের মধ্যে শিক্ষাক্ষেত্রের কর্মী রয়েছেন প্রায় ২১ হাজার।
কর্মকর্তারা বলেন, গতকাল পর্যন্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ১ হাজার ৫৭৭ জন ডিনকে (অনুষদপ্রধান) পদত্যাগ করতে বলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ১৫ হাজার কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ২১ হাজার শিক্ষককে বহিষ্কার বা সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ হওয়ার পরপরই প্রথম শুদ্ধি অভিযান চালানো হয় সামরিক বাহিনী ও বিচার বিভাগে। পরে একে একে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম, শিক্ষাসহ সব বেসামরিক খাতকে এর আওতায় আনা হচ্ছে।
উইকিলিকস বন্ধ: আল-জাজিরা জানায়, তুরস্কের ক্ষমতাসীন দল একে পার্টির সদস্যদের ফাঁস হওয়া লাখ লাখ ব্যক্তিগত ই-মেইলের প্রকাশ দেশটির সীমানায় আটকে দিল সেখানকার সরকার। উইকিলিকসে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দলীয় ব্যক্তিদের ই-মেইল ফাঁসের কিছুক্ষণের মধ্যেই গতকাল তুরস্কের ইন্টারনেট ওয়াচডগ-টিআইবি এই ওয়েবসাইটটি বন্ধ করে দেয়।