এবারও ম্যার্কেল জিততে চলেছেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২৪ সেপ্টেম্বরের পার্লামেন্ট নির্বাচনকে কেন্দ্র করে জার্মানিজুড়ে নির্বাচনী প্রচার তুঙ্গে। সারা দেশে শোভা পাচ্ছে নানা দলের ও প্রার্থীদের পাশাপাশি চ্যান্সেলর পদে প্রতিদ্বন্দ্বীদের ছবি ও নানা স্লোগান-সংবলিত পোস্টার।

১৯তম পার্লামেন্ট নির্বাচনে ৪২টি দল অংশ নিলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ক্ষমতাসীন কোয়ালিশন দলের দুই প্রধান শরিক ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) এবং সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অব জার্মানির (এসপিডি) মধ্যে। বর্তমান চ্যান্সেলর ও সিডিইউর প্রধান আঙ্গেলা ম্যার্কেল এবারও চতুর্থবারের মতো চ্যান্সেলর প্রার্থী হয়েছেন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী সোশ্যাল ডেমোক্রেটিক দলের নেতা ও ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সভাপতি মার্টিন শুলজ।

গেল চার বছর একই সঙ্গে দেশ শাসন করলেও এখন সিডিইউ এবং এসপিডি নির্বাচনী লড়াইয়ে মুখোমুখি। তবে এর বাইরে রয়েছে বর্তমান পার্লামেন্টের বিরোধী দল, বাম দল, পরিবেশবাদী সবুজ দল, লিবারেল গণতান্ত্রিক দল। এবার ভোটার সংখ্যা ৬ কোটি ১ লাখ। এর মধ্যে নারী ভোটার প্রায় ৩ কোটি ১ লাখ।

টানা তিনবারের বিজয়ী বর্তমান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এবারের নির্বাচনেও অন্যতম জনপ্রিয় প্রার্থী। আঙ্গেলা ম্যার্কেল সাবেক চ্যান্সেলর হেলমুট কোলের মন্ত্রিসভায় ১৯৯১ সালে পরিবার-বিষয়ক এবং ১৯৯৪ সালে পরিবেশ-বিষয়কমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ১৯৯৮ সালে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক দলের সাধারণ সম্পাদক হন। ২০০০ সাল থেকে দলের সভানেত্রী। রক্ষণশীল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন দলে অনেক ঝানু রাজনীতিক থাকলেও, ম্যার্কেলের প্রতিভা আর কৌশলের জোরে তিনি নিজ দলে ও জার্মানির রাজনীতিতে নিজ অবস্থান গড়ে তুলেছেন।

অন্যদিকে অপর প্রধান চ্যান্সেলর পদপ্রার্থী মার্টিন শুলজ ১৯৮৭ সাল থেকে সক্রিয়ভাবে রাজনীতিতে জড়িত। ছিলেন নিজ এলাকার মেয়র। পরবর্তী সময়ে ১৯৯৪ সাল থেকে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য এবং সর্বশেষ ২০১২ থেকে এই বছর অবধি ইউরোপীয় পার্লামেন্টের সভাপতির দায়িত্ব পালন করেছেন। সোশ্যাল ডেমোক্রেটিক দলে তিনি বাম ঘরানার রাজনীতিক হিসেবে পরিচিত।

পার্লামেন্ট নির্বাচনে ৪২টি দল অংশ নিলেও, মোট ভোটারের ৫ শতাংশ ভোট না পেলে কোনো দলের পার্লামেন্টে যাওয়ার সুযোগ নেই। প্রাথমিক জরিপে চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের ৩৯ শতাংশ ও সোশ্যাল ডেমোক্রেটিক দলের ২৫ শতাংশ ভোট প্রাপ্তির কথা বলা হচ্ছে।

চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের শরণার্থী নীতি নিয়ে সমালোচনা করে কট্টর ডানপন্থী দল ভোটের রাজনীতিতে মাঠ গরম করার চেষ্টা করলেও আসন্ন নির্বাচনে তারা তেমন ভালো ফল করতে পারবে না বলেই জরিপে আভাস পাওয়া যাচ্ছে।