এরদোয়ানকে 'তুলে নেওয়ার চেষ্টাকারী' ১১ সেনা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আটক ১১ সেনার একজন
আটক ১১ সেনার একজন

তুরস্কের মারমারিস এলাকা থেকে ১১ জন সেনাসদস্যকে গত রোববার গভীর রাতে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। ওই সেনাদলের একজন সদস্য ফেরারি রয়েছেন। তাঁরা দুই সপ্তাহ আগে ব্যর্থ অভ্যুত্থানের সময় প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ‘ছিনিয়ে নিতে’ চেয়েছিলেন বলে সন্দেহ করছে কর্তৃপক্ষ।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ওই সেনারা মারমারিসের একটি জঙ্গল এলাকায় লুকিয়ে ছিলেন। বিশেষ বাহিনী তাঁদের খুঁজে বের করে। তবে একজনের খোঁজ মেলেনি। সেনারা জঙ্গলে পশু শিকার করতে গেলে গ্রামবাসী টের পান। তাঁদের আটক করতে নিরাপত্তা বাহিনী অভিযান চালায়। এ সময় বন্দুকযুদ্ধ হলেও কেউ হতাহত হয়নি। আটক ১১ সেনাসদস্যের মধ্যে রয়েছেন মেজর সুকরু সেইমেন। অভ্যুত্থানচেষ্টায় জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
অভ্যুত্থানচেষ্টার রাতে প্রেসিডেন্ট এরদোয়ান দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় একটি অবকাশযাপনকেন্দ্রে অবস্থান করছিলেন। তবে যে হোটেলে ছিলেন, সেখানে সেনা অভিযানের আগেই পালিয়ে যান তিনি। অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ হওয়ার পরপরই তিনি সন্দেহভাজন সবার বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেন। সরকার হাজার হাজার মানুষকে আটক করেছে। সেনাবাহিনী, বিচার বিভাগ, বেসামরিক প্রশাসন ও শিক্ষা বিভাগের বহু কর্মকর্তা চাকরি হারিয়েছেন। তুর্কি কর্তৃপক্ষের অভিযোগ, যুক্তরাষ্ট্রে অবস্থানরত ফেতুল্লা গুলেন এই অভ্যুত্থানচেষ্টায় ইন্ধন দিয়েছেন। তবে তিনি বরাবরই এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন।
গত ১৫ জুলাইয়ের অভ্যুত্থানচেষ্টায় জড়িত সন্দেহে সেনাবাহিনীর আরও অন্তত ২০ জন সদস্যকে আটক করা হয়েছে। পরবর্তী সময়ে তাঁদের বিচার করা হবে। দুই সপ্তাহ আগের ওই রাতে প্রেসিডেন্ট এরদোয়ান নিজের মুঠোফোনের মাধ্যমে টেলিভিশনে সরাসরি ভিডিওবার্তায় বলেন, তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।
জার্মান সংবাদমাধ্যম জানায়, দেশটিতে গত রোববার তুর্কি প্রেসিডেন্টের সমর্থনে অন্তত ৩৫ হাজার মানুষ সমাবেশ করেছে। প্রেসিডেন্ট এরদোয়ান জার্মানির কোলন শহরে সরাসরি ভিডিওবার্তার মাধ্যমে বক্তব্য দিতে চেয়েছিলেন। তবে বার্লিনের কর্তৃপক্ষ তাতে বাধা দেয়। ঘটনাটির সমালোচনা করেছে তুরস্ক। জার্মানি বলছে, এ ধরনের বক্তব্য প্রচার হলে জার্মানিতে বসবাসরত তুর্কি বংশোদ্ভূত ৩০ লাখ মানুষের মধ্যে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা রয়েছে।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী এফকান আলা গত শুক্রবার বলেন ব্যর্থ অভ্যুত্থানের পর এ পর্যন্ত অন্তত ১৮ হাজার মানুষকে আটক করা হয়েছে। তাদের মধ্যে গ্রেপ্তার দেখানো হয়েছে কমপক্ষে নয় হাজার জনকে। পাসপোর্ট বাতিল করা হয়েছে প্রায় ৫০ হাজার তুর্কি নাগরিকের।
ভবিষ্যতে এ রকম আর অভ্যুত্থানচেষ্টা যাতে না হয় সে লক্ষ্যে প্রেসিডেন্ট এরদোয়ান তুর্কি সশস্ত্র বাহিনীতে ব্যাপক সংস্কারের উদ্যোগ নিয়েছেন। এটি পুরোপুরি বাস্তবায়িত হলে আধুনিক তুরস্কের ইতিহাসে সেনাবাহিনী প্রথমবারের মতো পরিপূর্ণভাবে বেসামরিক নিয়ন্ত্রণে চলে যেতে পারে।