
বিগত কয়েক বছরে মুসলিম বিশ্বের কাছে তুরস্ক গণতান্ত্রিক শাসন ও অর্থনৈতিক উন্নয়নের মডেল হয়ে উঠেছে। সেখানকার ক্ষমতাসীন নির্বাচিত সরকারের সঙ্গে বর্তমানে সামরিক বাহিনীর সম্পর্কও বিগত সময়ের তুলনায় অনেক ভালো বলেই সবাই জেনে এসেছে।
হয়তো এ কারণেই শুক্রবার রাতে দেশটির সেনাবাহিনীর একাংশের অভ্যুত্থানের চেষ্টা তুর্কিদের হতবাক করেছে। যদিও তুরস্কে সামরিক অভ্যুত্থান নতুন কিছু নয়। ১৯৫০ থেকে ২০০০ সাল পর্যন্ত সেখানে মোট চারবার অভ্যুত্থান হয়েছে।
বছর চৌদ্দ আগে সাধারণ নির্বাচনে জিতে প্রথম ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সমর্থকেরা দুদিন আগে পর্যন্ত মনে করে এসেছেন, তুরস্কের ইতিহাসে এরদোয়ানই প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট যিনি সেনাবাহিনীকে বেসামরিক সরকারের অনুগত থাকতে বাধ্য করতে পেরেছেন। এই অভ্যুত্থানের চেষ্টা তাঁদের সেই বিশ্বাসে স্পষ্টতই চিড় ধরিয়েছে।
বর্তমানে তুরস্ককে দুটি বড় জঙ্গি সংগঠনকে মোকাবিলা করতে হচ্ছে। একটি ইসলামিক স্টেট (আইএস), অন্যটি কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)। গত মাসেই ইস্তাম্বুল বিমানবন্দরে ভয়াবহ আত্মঘাতী হামলা হয়। সরকারের অভিযোগ, আইএস এই হামলার জন্য দায়ী।
অন্যদিকে, তুর্কি সরকারের বিরুদ্ধে ৩০ বছর ধরে লড়াইরত কুর্দি যোদ্ধারা বর্তমানে বেশ সক্রিয় হয়ে উঠেছে। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কুর্দিপ্রধান এলাকায় তারা সরকারবিরোধী তৎপরতা চালিয়ে যাচ্ছে।
তুর্কি সমাজ এখন প্রধানত দুই মেরুতে বিভক্ত। একদল এরদোয়ান অনুরাগী, অন্য দল এরদোয়ানবিরোধী। রাজপথে সরকারবিরোধীরা বিক্ষোভ করার চেষ্টা চালালে নিরাপত্তা বাহিনী নিয়মিতভাবেই বল প্রয়োগ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরদোয়ান সরকারের বিরুদ্ধে সরকারের সমালোচক সাংবাদিকদের ওপর দমন-পীড়নের অভিযোগও আছে।
তবে তুরস্কের সামনে নানা চ্যালেঞ্জ থাকলেও সেখানকার সেনাবাহিনীকে হুমকি হিসেবে দেখা হতো না। ১৯৫০ সাল থেকে এ পর্যন্ত চার চারবার অভ্যুত্থানের পর সেনাবাহিনীর জেনারেলরা দেশের কূটনীতিতে অঘোষিতভাবে নাক গলিয়ে আসছিলেন। ক্ষমতা নেওয়ার প্রথম কয়েক বছর এ ধরনের বিষয় নিয়ে শীর্ষস্থানীয় কমান্ডারদের সঙ্গে এরদোয়ানের বচসা হয়েছে।
ক্ষমতায় একটু থিতু হওয়ার পর গত কয়েক বছরে এরদোয়ান অভ্যুত্থানের চক্রান্তে জড়িত থাকার অভিযোগে সেনা ও নৌবাহিনীর কয়েক শ জ্যেষ্ঠ কর্মকর্তাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করেন। এ নিয়ে ক্ষমতাসীন রাজনীতিকদের সঙ্গে সেনাবাহিনীর একটা ঠান্ডা মনস্তাত্ত্বিক লড়াই চলছিল। গত মে মাসে এরদোয়ানের মেয়ের বিয়েতে উর্দি পরা সেনা কর্মকর্তাদের উপস্থিতি সেই উত্তেজনাকে অনেকটাই প্রশমিত করে বলে মনে করা হচ্ছিল। কিন্তু সর্বশেষ এই অভ্যুত্থান চেষ্টার ঘটনায় ট্যাংক, যুদ্ধবিমান ও হেলিকপ্টার ব্যবহারে বোঝা যাচ্ছে সেনাবাহিনীর কিছু স্তরে গভীর ক্ষোভ রয়ে গেছে।
গতকাল ভোররাতে এরদোয়ান জাতির উদ্দেশে বক্তব্য দিয়ে সফলভাবেই সমর্থকদের রাস্তায় নামিয়ে আনতে এবং সরকার অনুগত সেনাদের অভ্যুত্থানবিরোধী অবস্থানে নিতে সক্ষম হন।
অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হওয়ার আরেকটি বড় কারণ, এর পেছনে জনসমর্থন প্রায় ছিলই না। তিনটি প্রধান বিরোধী দল ছাড়াও এরদোয়ানের ঘোর সমালোচকেরাও এই চেষ্টার নিন্দা জানিয়েছেন।