ঐক্যের ৩০ বছর পরও দুই জার্মানির বঞ্চনা নিয়ে সোচ্চার ম্যার্কেল
ঐক্যের ৩০ বছর পরও দুই জার্মানির মানুষের মধ্যে ক্ষোভ ও বঞ্চনা নিয়ে সোচ্চার হয়েছেন দেশটির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। তিনি জার্মানির পূর্ব ও পশ্চিম অংশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথাও বলেছেন।
গতকাল শনিবার ব্রান্ডেনবুর্গ রাজ্যের রাজধানী পটসডাম শহরে ৩০ বছর পূর্তির প্রধান অনুষ্ঠানটি হয়েছে। করোনার কারণে সেখানে সীমিত আকারে রাষ্ট্রীয় অতিথিদের নিয়ে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
জার্মানির জনগণকে বিশেষত করোনার সংকটে আরও সংহতির আহ্বান জানান ম্যার্কেল। তিনি বলেন, ‘আমাদের উভয় অংশের জনগণের মধ্যে কিছু ক্ষোভ ও বঞ্চনা রয়েছে। তবুও আজ আমাদের আবারও প্রত্যয়ী ও সাহসী হতে হবে। পূর্ব ও পশ্চিম অঞ্চলের মধ্যে বিদ্যমান পার্থক্যগুলো কাটিয়ে উঠে আমাদের উভয় অংশের সমাজের আরও সংহতির প্রয়োজন।’
অর্থনীতি ও আন্তর্জাতিক রাজনীতিতে জার্মান এগিয়ে গেলেও একটি অভ্যন্তরীণ বিতর্ক বিগত ৩০ বছরেও জার্মানির রাজনীতিতে পিছু ছাড়েনি। বিষয়টি হলো জার্মানির পূর্ব ও পশ্চিম অঞ্চলের মধ্যে মনস্তাত্ত্বিক সংঘাত। ৩০ বছর আগে পূর্ব জার্মানির জনসাধারণ সমাজতান্ত্রিক শাসনব্যবস্থার পতন ঘটিয়ে অধিক গণতন্ত্রের দাবিতে দেশটির পশ্চিমাঞ্চল বা পশ্চিম জার্মানির সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার জন্য মরিয়া হয়েছিল। তবে এখন তাদের নানা অগণতান্ত্রিক আচরণ, গণতন্ত্রের ধারণা নিয়ে পশ্চিমাঞ্চলের জনগণের মধ্যে সংশয় তৈরি করেছে।
আঙ্গেলা ম্যার্কেল স্মরণ করিয়ে দিয়ে বলেন, সাবেক পূর্ব জার্মানির জনগণ, দুই খণ্ডিত জার্মানির ঐক্যের দাবিতে শান্তিপূর্ণ পন্থায় রাস্তায় নেমে এসেছিল। আর বিগত ৩০ বছরে ঐক্যবদ্ধ জার্মানি উভয় অংশের জনগণের প্রচেষ্টায় ক্রমাগত সামনের দিকে এগিয়েছে।
অনুষ্ঠানে জার্মানির রাষ্ট্রপতি ফ্রাঙ্ক ভালটার স্টাইনমায়ারসহ মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। জার্মানির রাজধানী বার্লিনে জার্মান ঐক্যের ৩০ বছর পূর্তিতে বেশ কিছু উগ্র ডানপন্থী দল বিক্ষোভ সমাবেশ করে।
জার্মানির ডের স্পিগেল পত্রিকায় লাইপজিগ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানী আলেকজান্ডার লেস্টনার এক সাক্ষাৎকারে বলেছেন, পূর্ব জার্মানির জনগণ ১৯৮৯ সালে পূর্ব জার্মানির শান্তিপূর্ণ বিপ্লবকে সেখানে মুক্ত সমাজব্যবস্থা গড়ে ওঠার বিজয় হিসেবে দেখেছিল। অথচ এখন সেখানে বেশ কিছু মানুষের রাজনৈতিক আচরণ মুক্ত সমাজ গড়ে উঠতে অন্তরায় সৃষ্টি করে।
জার্মান ঐক্যের ৩০ বছর পূর্তিতে পটসডাম শহরে আজ রোববারও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।