ওবামা আছেন শত্রুতার তালে: পুতিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্লাদিমির পুতিন
ভ্লাদিমির পুতিন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রাশিয়ার সঙ্গে শত্রুতা করার তালে আছেন বলে অভিযোগ তুলেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোকে ‘ভয় দেখিয়ে উদ্দেশ্য হাসিলের’ চেষ্টার ব্যাপারেও ওবামাকে সতর্ক করেন তিনি। 
আজ বৃহস্পতিবার সার্বীয় পত্রিকা ডেইলি পলিটিকায় দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন এ কথা বলেন। আগামীকাল শুক্রবার তিনি ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

এএফপিতে প্রকাশিত খবরে জানা যায়, গতকাল বুধবার এক সাক্ষাৎকারে পুতিন বলেন, ‘আমরা আশা করছি যে আমাদের সঙ্গীরা রাশিয়াকে ব্ল্যাকমেইল করার বেপরোয়া চেষ্টার ব্যাপারটি অনুধাবন করতে পারবেন। তাঁরা মনে রাখবেন যে পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে বিরোধ স্থিতিশীলতার ক্ষেত্রে হুমকি হয়ে দাঁড়াতে পারে।’ পুতিন অভিযোগ করেন, ওয়াশিংটন তাঁর দেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাচ্ছে। যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে উসকে দিচ্ছে। পরে আবার সেই দোষ চাপিয়ে দিচ্ছে রাশিয়ার ঘাড়ে। 

এ বছরের শুরু থেকে যা চলছে, তা খুবই হতাশাজনক বলে মন্তব্য করেন পুতিন। আগামীকাল শুক্রবার পুতিন মিলানে ইউক্রেনের নেতা পেত্রো পরোশেনকোর সঙ্গে সাক্ষাৎ করবেন। এটি ওই দেশের গৃহযুদ্ধ থামানোর এটি একটি সুবর্ণ সুযোগ বলে মনে করছেন পুতিন।

পশ্চিমা অবরোধের প্রতি ইঙ্গিত করে পুতিন বলেন, রাশিয়ার ওপর চাপ দেওয়ার ফল কখনো ভালো হবে না। এতে ইউক্রেন নিয়ে সংকট আরও বেড়ে যাবে।