ওবামা-পুতিন আইএস দমন প্রশ্নে সহমত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বারাক ওবামা ও ভ্লাদিমির পুতিন
বারাক ওবামা ও ভ্লাদিমির পুতিন

সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার প্রশ্নে দুই পরাশক্তি দেশের নেতা বারাক ওবামা ও ভ্লাদিমির পুতিন এবার সহমত হলেন। মার্কিন ও রুশ প্রেসিডেন্ট তুরস্কে জি-২০ সম্মেলনের এক ফাঁকে গত রোববার ‘গঠনমূলক’ আলোচনায় বসেন। খবর এএফপির।
প্যারিসে গত শুক্রবারের ভয়াবহ হামলার পর বিশ্বনেতারা জঙ্গিদের বিরুদ্ধে কঠোর অভিযানের পক্ষে মত দিচ্ছেন। তুরস্ক সম্মেলনের আলোচনায় তাঁরা বলেন, সিরিয়ায় চার বছর ধরে চলমান গৃহযুদ্ধের কারণেই ইসলামিক স্টেটের (আইএস) জিহাদিদের উত্থান হয়েছে। তাদের দমনের লক্ষ্যে জরুরি সমাধান খুঁজতে হবে।
বিভিন্ন মতভেদ দূরে ঠেলে ওবামা ও পুতিন রোববার একসঙ্গে কফি পান করেন। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেন, দুই প্রেসিডেন্টের আলোচনার ব্যাপ্তি ছিল প্রায় ৩৫ মিনিট। সিরিয়া যুদ্ধ সমাধানের জন্য চলমান বিভিন্ন উদ্যোগ নিয়েই তাঁরা কথা বলেন। প্যারিসে ভয়াবহ হামলার পর জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার গুরুত্ব সম্পর্কেও আলোচনা হয়েছে।
সিরিয়া পরিস্থিতি নিয়ে জাতিসংঘে আলোচনা, যুদ্ধবিরতি এবং দেশটিতে একটি অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নিয়েও আলাপ করেন ওবামা-পুতিন। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় একদিন আগে অনুষ্ঠিত আলোচনায়ও একই ধরনের পরিকল্পনা তৈরি করা হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়, আইএসের বিরুদ্ধে মস্কো ও ওয়াশিংটন একই লক্ষ্য নিয়ে আলোচনা করলেও দুই দেশের কৌশলে ‘প্রভেদ’ আছে।
সিরিয়ায় গত সেপ্টেম্বরে আইএসবিরোধী রুশ অভিযান শুরু হয়। তবে পশ্চিমা দেশগুলো মনে করে, মস্কো মূলত সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরোধী শক্তিকে ধ্বংস করতে চাইছে।
তুরস্কে আয়োজিত জি-২০ সম্মেলনে শরণার্থী সংকট, জলবায়ু পরিবর্তন এবং বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর কর এড়িয়ে যাওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে ‘বিদেশি সন্ত্রাসী যোদ্ধাদের তৎপরতা ভয়ানকভাবে বৃদ্ধির ঘটনায়’ বিশ্বনেতারা হুঁশিয়ারি দেন এবং জিহাদি কার্যক্রম বন্ধ করার লক্ষ্যে গোয়েন্দা তথ্য বিনিময়, সীমান্তে নজরদারি এবং বিমান পরিবহনে নিরাপত্তা বৃদ্ধির অঙ্গীকার করেন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, সন্ত্রাসবাদ একটি ‘অভিন্ন শত্রু’। এই হুমকির বিরুদ্ধে যৌথ লড়াই করতে হবে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন জি-২০ সম্মেলনে বলেন, আইএসের ‘মৃত্যুযজ্ঞ’ বন্ধ করার ওপর নির্ভর করছে ইউরোপের নিরাপত্তা। ইরাকের উত্তর অংশ ও সিরিয়ায় আইএসের ঘাঁটিগুলো ধ্বংস করতে হবে। তবেই যুক্তরাজ্য, ফ্রান্সসহ গোটা ইউরোপে মানুষ নিরাপদ হবে।
সম্মেলনের আলোচনায় শরণার্থী সংকটের বিষয়টি বাড়তি গুরুত্ব পায়। তুরস্কে প্রায় ২২ লাখ সিরীয় শরণার্থী বসবাস করছে। সেখানে আরও শরণার্থীর প্রবেশ আটকাতে বিশেষ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ইইউ।