ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তাব পাঠায় মস্কো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। ছবি : রয়টার্স
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। ছবি : রয়টার্স

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে সহযোগিতার সম্পর্ক জোরদার করতে চলতি বছরের শুরুর দিকে রাশিয়ার পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু এখনো ওয়াশিংটন থেকে আমরা এর কোনো জবাব পাইনি।

গতকাল বুধবার রাশিয়ার সোচিতে এক অনুষ্ঠানে দিমিত্রি পেসকভ এসব কথা বলেন।

দিমিত্রি পেসকভ জানান, গত জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের দুই-তিন মাস পরই ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে মস্কো প্রস্তাব পাঠায়। দুই দেশের কূটনৈতিক, সামরিক ও গোয়েন্দা সম্পর্ক জোরদার করতে আমরা উদ্যোগ নিয়েছিলাম।

যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন পোর্টাল বাজফিড নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ খবরের সত্যতা নিশ্চিত করেন ক্রেমলিনের মুখপাত্র। কিন্তু প্রস্তাবগুলো কখন পাঠানো হয়েছিল এবং কার কাছে তা তুলে দেওয়া হয়েছিল সে বিষয়ে গণমাধ্যমকে সুনির্দিষ্ট কোনো কিছু নিশ্চিত করেননি তিনি।

রুশ গণমাধ্যমকে দিমিত্রি পেসকভ বলেন, হ্যাঁ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বিভিন্ন মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে মস্কোর প্রস্তাবগুলো পাঠানো হয়েছিল। মস্কো চায় নিয়মতান্ত্রিক পথে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ শুরু হোক। দুর্ভাগ্যবশত আমরা এখনো ওয়াশিংটনের কোনো প্রতিক্রিয়া পাইনি।

সূত্র: তাস, রেডিও ফ্রি ইউরোপ