কংগ্রেসে রুশ নিষেধাজ্ঞা পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ গত মঙ্গলবার ৪১৯-৩ ভোটে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ নিয়ে একটি আইনের খসড়া অনুমোদন করেছে। এর আগে মার্কিন সিনেট ৯৮-২ ভোটে প্রায় অনুরূপ একটি খসড়া অনুমোদন করে। এই দুই খসড়ার ভিত্তিতে একটি চূড়ান্ত খসড়া সিনেট অনুমোদন করলে তা প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য পাঠানো হবে।

হোয়াইট হাউসের আপত্তি সত্ত্বেও গৃহীত এই খসড়ায় ইউক্রেন আক্রমণ এবং ২০১৬ সালে মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে ইতিপূর্বে ওবামা প্রশাসন রাশিয়ার ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছিল, তার আইনি স্বীকৃতি দেওয়া হলো। শুধু রাশিয়া নয়, এই আইনে ইরান ও উত্তর কোরিয়ার বিরুদ্ধেও কিছু কিছু নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব রাখা হয়েছে। প্রতিক্রিয়ায় মস্কো গতকাল বুধবার বলেছে, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের ফলে তাদের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা বেড়েছে।

দ্য হিল পত্রিকা বলছে, এই খসড়া আইন কংগ্রেসে অনুমোদন মানে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি তিরস্কার। গত নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগটি তিনি মিথ্যা বলে জোর দাবি করে আসছেন। মস্কোর সঙ্গে সম্পর্কোন্নয়নের খাতিরে রাশিয়ার বিরুদ্ধে ওবামা প্রশাসন যে নিষেধাজ্ঞা আরোপ করে, ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী টিলারসন তা শিথিল করার পক্ষপাতী। গুপ্তচরবৃত্তির অভিযোগে গত বছর ওবামা প্রশাসন নিউইয়র্ক ও ম্যারিল্যান্ডে রাশিয়ার যে দুটি ভবনের দখল নেয়, সেগুলোও ট্রাম্প ফেরত দিতে আগ্রহী। প্রেসিডেন্টের এই মনোভাব সমর্থন করার বদলে তাঁর দলের সদস্যরাই এখন কংগ্রেসের উভয় কক্ষে রাশিয়ার বিরুদ্ধে পুরোনো নিষেধাজ্ঞা বলবৎ করার পাশাপাশি কয়েকটি নতুন নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার পক্ষে মত দিয়েছেন। এর মধ্যে অন্যতম হলো তেল-গ্যাস অনুসন্ধান ও সংগ্রহ-সংক্রান্ত রুশ বাণিজ্য উদ্যোগে মার্কিন বিনিয়োগে নিষেধাজ্ঞা। মার্কিন তেল কোম্পানিগুলোর আপত্তির কারণে প্রতিনিধি পরিষদে গৃহীত খসড়ায় কেবল রুশ তেল ও গ্যাস পাইপলাইনে মার্কিন বিনিয়োগের ওপর নিয়ন্ত্রণের প্রস্তাব রাখা হয়েছে।

চূড়ান্ত খসড়া গৃহীত হওয়ার পর ট্রাম্প যে তাতে স্বাক্ষর করবেন, তার নিশ্চয়তা নেই। হোয়াইট হাউসের নতুন মুখপাত্র সারাহ হাকাবি স্যান্ডার্স বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরান, উত্তর কোরিয়া ও রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা সমর্থন করেন, তবে চূড়ান্ত আইনটি হাতে পাওয়ার পরই সে বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন। হোয়াইট হাউসের এই সতর্কতামূলক অবস্থান সত্ত্বেও আইনটি স্বাক্ষর না করে অন্য কোনো পথ প্রেসিডেন্টের হাতে নেই। ট্রাম্প যদি আইনটিতে ভেটো দেন, অর্থাৎ তা বাতিল করে দেন, সে ভেটো উপেক্ষা করার মতো পর্যাপ্ত সমর্থন কংগ্রেসের হাতে রয়েছে।

এই আইনে স্বাক্ষর করলে সেটিই হবে ট্রাম্পের ছয় মাসের শাসনামলের প্রথম অর্থপূর্ণ সাংসদীয় বিজয়। আইনটি রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের সমর্থনেই গৃহীত হচ্ছে, সেটিও একটি লক্ষণীয় বিজয়। অধিকাংশ প্রশ্নেই এই দুই দলের সদস্যরা একে অপরের প্রস্তাবের বিরোধিতা করে আসছেন। দুই দলের এই সহযোগিতাকে স্বাগত জানিয়ে সিনেটে ডেমোক্রেটিক নেতা চাক শুমার বলেছেন, এই আইন গ্রহণের মাধ্যমে কংগ্রেস হোয়াইট হাউসের কাছে এই বার্তা পৌঁছে দেবে যে মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের জন্য ক্রেমলিনের ভূমিকা কোনোক্রমেই মেনে নেওয়া যায় না।

মার্কিন কংগ্রেসের ওই সিদ্ধান্তে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ গতকাল বলেন, তাঁরা ওয়াশিংটনকে বহুবার সতর্ক করে দিয়ে বলেছেন, নতুন যেকোনো অবরোধের জবাব দেওয়া হবে। যাঁরা বিলটি সমর্থন ও অনুমোদন করেছেন, তাঁরা রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনাগুলো নষ্ট করার পথেই এগিয়েছেন।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গতকাল বলেছে, মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ রাশিয়ার ওপর নতুন কঠোর নিষেধাজ্ঞা আরোপের যে সিদ্ধান্ত নিয়েছে, সেটা ইউরোপে জ্বালানি সরবরাহের ওপর প্রভাব ফেলতে পারে। ইউরোপীয় কমিশনাররা এ বিষয়ে তাঁদের উদ্বেগ জানিয়েছেন।