কট্টরপন্থীদের উত্থানে চিন্তিত জার্মানি

জার্মানির ১৯-তম সাধারণ নির্বাচনে আঙ্গেলা ম্যার্কেল বিজয়ী হয়েছেন। টানা চতুর্থবার বিজয়ী হলেন তিনি। তবে এবারের নির্বাচনে জার্মান পার্লামেন্টে কট্টর ডানপন্থী দল অলটারনেটিভ ফর ডয়েচল্যান্ডের ১৩ শতাংশ ভোট পাওয়া ও সংসদে ৮৮ আসনে প্রতিনিধিত্ব করাকে ভাবিয়ে তুলেছে দেশটির রাজনীতিক ও সাধারণ ভোটারদের।
অন্যদিকে ক্ষমতাসীন দলের তিন শরিক ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি ও ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়ন চার বছর আগের তুলনায় ১৪ শতাংশ ভোট কম পেয়েছে।
আঙ্গেলা ম্যার্কেলের ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন ও শরিক দল ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়ন পেয়েছে ৩৩ শতাংশ ভোট। পার্লামেন্টে এদের প্রতিনিধিত্ব রয়েছে ২১৮টি। সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি পেয়েছে প্রায় ২১ শতাংশ ভোট, তাদের প্রতিনিধিত্ব ১৩৮ আসনে। কট্টর ডানপন্থী পার্টি অলটারনেটিভ ফর ডয়েচল্যান্ড (এএফডি) পেয়েছে ১৩ শতাংশ ভোট। পার্লামেন্টে তাদের প্রতিনিধিত্ব ৮৮। ফ্রি ডেমোক্রেটিক পার্টি পেয়েছে ১০ শতাংশ (৬৯ প্রতিনিধি)। বাম দল পেয়েছে ৯ শতাংশ ভোট (৬০ প্রতিনিধি) এবং পরিবেশবাদী সবুজ দল পেয়েছে ৯ শতাংশ ভোট (৬০ প্রতিনিধি)।
এবারের নির্বাচনের ফলাফলে বিগত জোট সরকারেও পরিবর্ত ঘটবে বলে বলা হচ্ছে। নতুন জোট সরকারের সম্ভাব্য শরিক ফ্রি ডেমোক্রেটিক পার্টি ও পরিবেশবাদী সবুজ দল। এর আগেরবারের জোট সরকারর অন্যতম শরিক সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এবার জোট সরকারে থাকবে না বলে জানিয়েছে।
জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল নির্বাচনের পরপরই বার্লিনে দলীয় কার্যালয়ে তাঁর সমর্থকের ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি গণতান্ত্রিক রাজনীতি দিয়ে কট্টরপন্থীদের মোকাবিলা করবেন। তাঁর অন্যতম প্রতিদ্বন্দ্বী সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির মার্টিন শুলজ বলেছেন, শরণার্থী রাজনীতি নিয়ে জার্মান সমাজকে আপাত বিভক্ত করা হলেও জনগণকে সঙ্গে নিয়ে এই কট্টরপন্থীদের বিরুদ্ধে তাঁর দল পার্লামেন্টের বাইরে ও ভেতরে লড়বে। তবে জোট সরকারে থাকবেন না।

চার বছর আগের তুলনায় কম ভোট পেলেও আঙ্গেলা ম্যার্কেল জার্মানির রাজনীতিতে অসম্ভবকে সম্ভব করেছেন। পরপর চারবার জেতার এই সাফল্য আগে তাঁরই দলের দুই সাবেক চ্যান্সেলর কনরাড আডেনআওয়ার আর হেলমুট কোহল দেখিয়েছেন।
জার্মান প্রেসিডেন্ট ফ্যাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার ও জার্মান পার্লামেন্টের সাবেক স্পিকার রবার্ট লেমার্ট জার্মানির গণতন্ত্রকে সমুন্নত রাখতে ও জাতীয়তাবাদী শক্তির উত্থানের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে এবং ভোট ক্ষমতা প্রয়োগের আহ্বান জানিয়েছিলেন।
জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল তাঁর নিজ এলাকা মেকেলবুর্গ ফর পোমেন রাজ্যের রুগেন-গ্রাইফভাল্ডারের ভোটকেন্দ্র ভোট দিয়েছেন, অন্যদিকে তাঁর অন্যতম প্রতিবন্ধী সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির মার্টিন শুলজ ভোট দিয়েছেন নিজ এলাকা নর্থরাইন ভেস্টারফেল রাজ্যের ভুরসলেনে।
জার্মানির গণমাধ্যমগুলো অতি জাতীয়তাবাদী ও লোকরনঞ্জনবাদী দল অলটারনেটিভ ফর ডয়েচল্যান্ডকে কেন ভোট দেওয়া উচিত নয়, তা নিয়ে নানা বিশ্লেষণধর্মী লেখা প্রকাশ করেছিলে। জার্মানির বিভিন্ন স্থানে এই দলের পোস্টারগুলোয় কালি লাগিয়ে দেওয়া হয়েছে। নির্বাচনের ফলাফল প্রকাশের পরপরই রাজধানী বার্লিনের কেন্দ্রস্থল আলেক্সান্ডার স্কয়ারে কয়েক হাজার তরুণ-তরুণী কট্টরবাদী অলটারনেটিভ ফর ডয়েচল্যান্ড দলটির উত্থানের বিরুদ্ধে বিক্ষোভ করেছে।
জার্মানির বর্তমান চ্যান্সেলর ও ক্ষমতাসীন ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন দলের সভানেত্রী জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এবারও চতুর্থবারের মতো ভোটে জয়লাভ করে একজন নারী হিসেবে একনাগাড়ে ২০০৫ থেকে ২০২১—১৬ বছর দেশ শাসন করার বিরল সম্মানে ভূষিত হচ্ছেন। অবশ্য আগে তাঁর দলের এবং তাঁর রাজনৈতিক গুরু সদ্য প্রয়াত হেলমুট কোহল ১৯৮২ থেকে ১৯৯৮—১৬ বছর জার্মানির ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন।
আরও পড়ুন :
জিতলেন ম্যার্কেলই