কট্টরপন্থীদের ব্যাপারে সতর্ক করলেন জার্মান প্রেসিডেন্ট

জার্মানিতে কট্টর জাতীয়তাবাদীদের ব্যাপারে সবাইকে সতর্ক করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভালটার স্টাইনমায়ার। দুই জার্মানি এক হওয়ার বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গত ২৪ সেপ্টেম্বর জার্মান পার্লামেন্টের নির্বাচনে সাবেক পূর্ব জার্মানির পাঁচটি রাজ্যে কট্টর ডানপন্থী পার্টি অলটারনেটিভ ফর ডয়েচল্যান্ড (এএফডি) দলটির বড় ধরনের সাফল্যের পর প্রেসিডেন্ট এই বক্তব্য দিলেন।
গত মার্চ মাসে নির্বাচিত জার্মানির এই প্রেসিডেন্ট একজন সজ্জন রাজনীতিক হিসেবে পরিচিত। তিনি আগে জার্মানির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
এই বছর ঐক্যবদ্ধ জার্মানির প্রধান অনুষ্ঠান রাইন্যান্ড ফ্যালৎস রাজ্যের রাজধানী শহর মাইন্জে অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানের প্রধান বক্তা জার্মান প্রেসিডেন্ট বলেন, ‘যে প্রাচীর জার্মানিকে ভাগ করে রেখেছিল ২৭ বছর আগে সেই প্রাচীরের পতন ঘটেছে, কিন্তু ২৪ সেপ্টেম্বরের নির্বাচন আমাদের দেখিয়েছে কাঁটাতার বা কংক্রিটের প্রাচীরের পরিবর্তে এখন অদৃশ্যমান ভিন্ন এক প্রাচীর তৈরি হয়েছে।’
কোনো দলের নাম উল্লেখ না করে স্টাইনমায়ার বলেন, কিছু মানুষের যুক্তিহীন বিচ্ছিন্নতা, হতাশা ও ক্ষোভ এতই প্রবল যে তাদের সঙ্গে কোনো যৌক্তিক আলোচনা সম্ভব নয়। আর এই অদৃশ্য প্রাচীরের পেছনে কাজ করছে গণতন্ত্র ও তার প্রতিনিধিদের প্রতি অযৌক্তিক অবিশ্বাসবোধ।
প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভালটার স্টাইনমায়ার জার্মানিতে শরণার্থী ও অভিবাসী-বিরোধী কট্টরপন্থীদের সমালোচনা করে বলেন, বিশ্বব্যাপী একটি অস্থির সময় চলছে এবং যুদ্ধসহ নানা ঘটনার কারণেই শরণার্থীরা দেশত্যাগী হচ্ছেন। শরণার্থী ও অভিবাসীদের কারণে জার্মানির সংস্কৃতি, ঐতিহ্য ও আত্মপরিচয়ের সংকটের কথা যারা বলছেন, তাদের সমালোচনা করে তিনি অতীত ইতিহাসে না ফিরে ভবিষ্যৎ জাতি বিনির্মাণের কথা বলেছেন। তিনি সবাইকে অদৃশ্যমান ভিন্ন এই প্রাচীরকে জয় করার আহ্বান জানান।
উল্লেখ্য, ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত জার্মান পার্লামেন্টের নির্বাচনে এএফডি দলটি জার্মানিতে শরণার্থী ও অভিবাসীদের কারণে জার্মানির সংস্কৃতি, ঐতিহ্য ও আত্মপরিচয়ের সংকট তৈরি হবে বলে প্রচার চালিয়েছিল।