পশ্চিম বার্লিনের রুডলফ হারবিগ হল। সাধারণত খেলাধুলার জন্য ব্যবহৃত হয় এটি। এই কমপ্লেক্সে রয়েছে একটি অ্যাথলেটিকস ট্র্যাক, দীর্ঘ লাফের জন্য বালু ফেলা জায়গা এবং দর্শক গ্যালারি।
তবে গত শুক্রবার ওই হলের চিত্রটা ছিল একেবারে আলাদা। এটি এখন পরিণত হয়েছে শরণার্থীদের জরুরি আশ্রয়কেন্দ্রে। জার্মান সেনাবাহিনীর সদস্যরা সেখানে তোষক বিছিয়ে দিচ্ছেন।
বিছানা পাততে পাততে স্বেচ্ছাসেবী টমাস গ্লুকসেইলিগ কৌতুকের সুরে বললেন, ‘নিদারুণ সংকটে পড়া মানুষগুলোকে সাহায্য করতে আমরা আমাদের স্বর্ণপদক বিসর্জন দিচ্ছি। আমাদের পরিবর্তে যুক্তরাজ্য এখন সেসব স্বর্ণপদক পেয়ে যাবে।’ ৬০ বছর বয়সী অবসরপ্রাপ্ত এই সরকারি কর্মচারীর মতে, যুদ্ধের হাত থেকে প্রাণে বাঁচতে পালিয়ে আসা মানুষগুলোকে আশ্রয় দেওয়া ছাড়া জার্মানির কোনো বিকল্প নেই।
কিন্তু জার্মানি কি এ চাপ সামলাতে পারবে? ‘আমরা যদি ব্যাংকগুলোকে বাঁচাতে পারি, তাহলে এসব মানুষকেও বাঁচাতে পারব। আমরা এটা করতে চাই। আমরা এটা পারি’, গ্লুকসেইলিগের সোজাসাপ্টা উত্তর।
জার্মানিতে বর্তমানে আড়াই লাখের বেশি আশ্রয়-আবেদন জমা রয়েছে, যেগুলোর প্রক্রিয়া শেষ হয়নি। অভিবাসন মন্ত্রণালয় বলেছে, পরিস্থিতি সামাল দিতে তারা জরুরি ভিত্তিতে বাড়তি কর্মী সংগ্রহ করছে।
এখন বিশ্বের সর্বনিম্ন জন্মহারের দেশগুলোর একটি জার্মানি। সে হিসেবে দেশটির শিল্প খাত শরণার্থীদের সম্ভাবনাময় কর্মশক্তি হিসেবে দেখছে। তবে শরণার্থীদের মাত্র প্রতি ১০ জনে একজন কাজে নিযুক্ত করার উপযোগী। শিশু ও বৃদ্ধসহ বাকি নয়জনকেই দীর্ঘ মেয়াদে সামাজিক সহযোগিতা দিয়ে যেতে হবে।
অবশ্য এ মুহূর্তে সব প্রচেষ্টা এই অবিশ্রান্ত মানবস্রোত সামলানোকে ঘিরে। প্রতিদিন আসা শরণার্থীদের জার্মানির ১৬টি অঞ্চলে ভাগ করে দেওয়া হচ্ছে। শরণার্থীর ৫ শতাংশকে নিতে হচ্ছে বার্লিনকে। শহরটির কর্তৃপক্ষ এত শরণার্থীর জায়গা দিতে হিমশিম খাচ্ছে। তারা এখন টেমপেলহফ বিমানবন্দরকেও কাজে লাগানো যায় কি না, তা নিয়ে আলোচনা করছে।
জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল মেরকেল বলছেন, ২৫ বছর আগে দুই জার্মানি একত্র হওয়ার পর এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সম্প্রতি এক বক্তব্যে তিনি বলেন, ‘আমরা এটা করতে পারি। কারণ, জার্মানি একটি শক্তিশালী দেশ।’ নিঃসন্দেহে তাঁর বার্তা জার্মানদের হৃদয়ে নাড়া দিয়েছে। তারা শরণার্থীদের অকাতরে অর্থ, কাপড়চোপড় ও খাদ্য দেওয়া ছাড়াও অব্যবহৃত কক্ষগুলো ছেড়ে দিচ্ছে।