কত স্বপ্নের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্যারিসে গত শুক্রবারের আত্মঘাতী সন্ত্রাসী হামলায় অন্তত নয়টি দেশের মানুষ প্রাণ হারিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন বিভিন্ন পেশার লোকজন। যেমন: ফরাসি আইনবিদ, জার্মান স্থপতি, তিউনিসীয় দুই বোন, মার্কিন ছাত্রী, স্পেনীয় প্রকৌশলী, ব্রিটিশ নাগরিক প্রমুখ। খবর এপির।
নিজ নিজ পেশায় সাফল্য ও মেধার উজ্জ্বল উদাহরণ ছিলেন তাঁরা। তাঁদের পরিবার-পরিজন ও সহকর্মীরা এ রকমই জানিয়েছেন।
প্যারিসে একটি আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠানে কাজ করতেন ভালোতাঁ রিবে (২৬)। বাতাক্লঁ মিলনায়তনে শুক্রবার রাতে নিহত অন্যদের মধ্যে তিনিও রয়েছেন। পোতি কম্বোজ রেস্তোরাঁয় নিহত হন মার্কিন ছাত্রী নোয়েমি গনজালেস (২৩)। যুক্তরাষ্ট্রের লং বিচে অবস্থিত ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটিতে পড়তেন তিনি।
একই রাতের হামলায় প্যারিসের শারন সড়কের একটি ক্যাফেতে প্রাণ হারান জামিলা হুদ (৪১)। তিনি প্যারিসে নামী পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান ইসাবেল মারোঁয় কাজ করতেন। ফরাসি তরুণ তমা আইয়াদ (৩২) ছিলেন মার্কারি মিউজিক গ্রুপের প্রযোজনা ব্যবস্থাপক। বাতাক্লঁ মিলনায়তনেই নিহত হন তিনি। মাদ্রিদের প্রকৌশলী আলবার্তো গনজালেস (২৯) সস্ত্রীক প্যারিসে থাকতেন। একসঙ্গেই বাতাক্লঁয় গান শুনতে গিয়েছিলেন। কিন্তু হুড়োহুড়ির একপর্যায়ে বিচ্ছিন্ন হয়ে পড়েন। পরে আলবার্তোর লাশ পাওয়া যায়।
ফ্রান্সটোয়েন্টিফোর টেলিভিশনের কারিগরিকর্মী ছিলেন মাতিয়ো অশ (৩৮)। তিনিও বাতাক্লঁর অনুষ্ঠানেই নিহত হন। একই ঘটনাস্থলে নিহত ইংল্যান্ডের কোলচেস্টারের নিক আলেক্সান্ডার (৩৬) ছিলেন বিক্রয়কর্মী। একটি ফরাসি সংস্কৃতি সাময়িকীর সাংবাদিক ছিলেন দুই মেয়ের বাবা গিয়ম দেশার (৪৩)। তিনিও বাতাক্লঁ মিলনায়তনে হামলায় নিহত হন।
প্রসঙ্গত, শুক্রবার রাতে প্যারিসে ছয় স্থানে গুলি, বোমা, আত্মঘাতী হামলায় ১২৭ জন নিহত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভয়াবহ হামলার পরিপ্রেক্ষিতে দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়। ঘোষণা করা হয় তিন দিনের রাষ্ট্রীয় শোক। আইএস এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করে।