কনে-সংকটের দ্বীপে...
নরওয়ে ও আইসল্যান্ডের মধ্যবর্তী ডেনমার্কের স্বশাসিত দ্বীপপুঞ্জ ফারো। এখানকার জনসংখ্যা মাত্র ৫০ হাজারের মতো। এর মধ্যে নারীদের সংখ্যা একেবারেই কম। এ কারণে দ্বীপটিতে বিবাহযোগ্য পাত্র থাকলেও মিলছে না পাত্রী। কনে-সংকটের কারণে কৌশলে অন্য দেশ থেকে পাত্রী খুঁজে আনতে হচ্ছে এই দ্বীপবাসীর।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, পাত্রী-সংকটের কারণে থাইল্যান্ড ও ফিলিপাইনের মেয়েদের বিয়ে করছেন ফারোবাসীরা। বর্তমানে এই দুই দেশের তিন শতাধিক মেয়ে বউ হিসেবে এই দ্বীপেই সংসার করছেন। সংসারের পাশাপাশি সেখানে রেস্তোরাঁ ও পারলার ব্যবসা দিয়ে নিজেরাই আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছেন।
প্রতিবেদনে বলা হয়, এমনিতেই ফারো দ্বীপে জনসংখ্যা কম। এই সংখ্যাও দিন দিন যেন কমছে। পড়াশোনার জন্য এখানকার তরুণ-তরুণীরা দ্বীপের বাইরে চলে যাচ্ছেন। কিন্তু পড়াশোনা শেষ হলেও এই বৈরী পরিবেশে তাঁরা আর ফিরে আসছেন না। অনেকে আবার চাকরির জন্য বিদেশে গিয়ে সেখানেই থিতু হচ্ছেন। এ কারণে দ্বীপটিতে পাত্রী-সংকট মড়ার উপর খাঁড়ার ঘা। পাত্রীর খোঁজে এখন অনেকের অবলম্বন সামাজিক যোগাযোগের মাধ্যম ও বাণিজ্যিক ডেটিং ওয়েবসাইট। এভাবে বিয়ে হলেও নতুন সংস্কৃতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়াটা ভিন দেশের নারীদের জন্য অনেক কঠিন। কারণ, এখানকার ভাষা, খাদ্যাভ্যাসসহ প্রায় সবকিছুই আলাদা।
দ্বীপটির প্রধানমন্ত্রী অ্যাক্সেল জোহানেসেন বলেন, ফারো দ্বীপে এখন পর্যন্ত পুরুষদের চেয়ে প্রায় দুই হাজার নারী কম আছে।
থাইল্যান্ডের মেয়ে আথায়া স্লেটালিড বিয়ে করে এখন ফারো দ্বীপে আছেন। ছয় বছর আগে ফারোর বাসিন্দা জ্যানের সঙ্গে তাঁর বিয়ে হয়। ফারো দ্বীপের কয়েকজন বন্ধু থাইল্যান্ডে ব্যবসা করছিল। সেই সূত্রেই জ্যানের সঙ্গে তাঁর পরিচয় হয়। এই দ্বীপে টানা ছয় মাস শীতকাল। তাই তিনি যখন প্রথম বউ হয়ে এই দ্বীপে আসেন, তখন প্রায় সময় ঘরের ভেতর হিটারের কাছে বসে থাকতেন। আথায়া এখন ফারোর রাজধানী তোরশাভনে স্বামীর সঙ্গে রেস্তোরাঁর ব্যবসা শুরু করেছেন।
আথায়া স্লেটালিড বলেন, ‘প্রথম প্রথম স্থানীয় লোকজন আমাকে ঘরের বাইরে বের হতে বলতেন। বলতেন যে সূর্য উঠেছে বাইরে যাও। কিন্তু আমি বলতাম, আমাকে একটু একা থাকতে দিন। আমার খুব ঠান্ডা লাগছে।’
প্রতিবেদনে বলা হয়, ফারো দ্বীপে সবচেয়ে বাজে যে দিক, তা হলো এখানকার ভাষা ও আবহাওয়া। এখানকার ভাষা একদমই আলাদা। তাঁরা ইংরেজি বলতে পারেন না। আর সবচেয়ে উষ্ণ দিনেও তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস থাকে।
আথায়া স্লেটালিড আরও বলেন, ‘যখন আমাদের ছেলে জ্যাকব ছোট, তখন প্রায় সময় আমি বাড়িতেই থাকতাম। কারও সঙ্গে কথা বলতাম না। এখানকার মানুষ ইংরেজিতে কথা বলতে পারে না। আর আশপাশের সবাই কাজে চলে যাওয়ায় জ্যাকবের খেলার সাথিও কেউ ছিল না। আমি হতাশ হয়ে পড়েছিলাম। তবে বিশ্বাস ছিল, দু-তিন বছরের মধ্যে সব ঠিক হয়ে যাবে। এরপর জ্যাকব যখন কিন্ডারগার্টেনে যাওয়া শুরু করল, তখনই আমি বাড়ির বাইরে গিয়ে অন্যদের সঙ্গে কথা বলা শুরু করলাম।’
এ রকমই থাইল্যান্ডের আরেক নারী ক্রোংগ্রাক জকলাদাল। বিয়ে করে প্রথমে যখন তিনি ফারোতে আসেন, তখন ভেতরে-ভেতরে খুব একা হয়ে পড়েছিলেন। স্বামী ত্রোনদুর পেশায় নাবিক। বছরের বেশির ভাগ সময় তিনি বাইরে থাকেন। বর্তমানে তিনি পারলার ব্যবসা করেন। শ্বশুর-শাশুড়িও তাঁকে কাজে সহায়তা করেন। থাইল্যান্ডে তিনি স্থানীয় সরকার বিভাগে হিসাব বিভাগের প্রধান হিসেবে চাকরি করতেন। এ কারণে এখানে তাঁকে ব্যবসা দাঁড় করাতে বেগ পেতে হয়েছে।
ক্রোংগ্রাক জকলাদাল বলেন, এখানে এসে এশিয়ার নারীদের সবচেয়ে বড় সমস্যা হলো ভাষা। আর এই ভাষার কারণেই অনেকে উচ্চশিক্ষিত হয়েও নিম্নমানের কাজ পান।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী অ্যাক্সেল জোহানেসেন বলেন, ‘এশিয়ার নারীরা বেশ কর্মঠ ও ভালো। আমরা সরকারের পক্ষ থেকে তাঁদের বিনা মূল্যে ফারো ভাষা শেখানোর প্রশিক্ষণ দেব।’
স্থানীয় রাজনীতিক ও ড্যানিশ পার্লামেন্টের সদস্য মাগনি আর্গে বলেন, ‘এখানে অভিবাসী হিসেবে অনেকেই আসছেন। তবে তাঁদের বেশির ভাগই নারী। তাঁরা এখানে এসে কাজ করছেন। এতে আমাদের কোনো সামাজিক সমস্যা হচ্ছে না। তবে যুক্তরাজ্য ও সুইডেন থেকে যাঁরা আসছেন, তাঁরা কিছু কিছু সমস্যা সৃষ্টি করছেন।’
প্রতিবেদনে বলা হয়, আথায়া স্লেটালিডের কাছে তাঁর বন্ধুরা জানতে চান, ছোট্ট এই জায়গাটি ছেড়ে কেন তিনি ফিরে যান না। এর জবাবে আথিয়া জানিয়েছেন, ‘আমার আর ফিরে যাওয়ার দরকার নেই। এখানে ছেলে জ্যাকবের অনেক বন্ধুবান্ধব হয়েছে। সে পাহাড়ের কোলে খেলা করতে করতে বেড়ে উঠছে। এখানে কোনো দূষণ নেই, কোনো অপরাধ নেই। এ ধরনের সুযোগ অনেক সন্তানই পায় না। এটা আমার কাছে স্বর্গের মতো।’