ব্রেক্সিটের পরিপ্রেক্ষিতে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিতে যুক্তরাজ্য সরকারের কাছে প্রস্তাব দিয়েছেন দেশটির ক্ষমতাসীন দলের ৪৫ জন এমপি।
গত শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রাডের কাছে লেখা এক চিঠিতে তাঁরা বলেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্যাগের পর কমনওয়েলথভুক্ত ৫২টি দেশই হতে পারে যুক্তরাজ্যের বিকল্প সহযোগী। দেশটির সংবাদপত্র দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে ওই চিঠির বিস্তারিত প্রকাশ করেছে সম্প্রতি।
চিঠিতে বলা হয়, কমনওয়েলথভুক্ত দেশগুলোর নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়ার শর্ত শিথিল করার মাধ্যমে ‘বন্ধুত্বের হাত’ বাড়াতে পারে যুক্তরাজ্য। ব্রেক্সিট-পরবর্তী সময়ে কমনওয়েলথভুক্ত দেশগুলোর জন্য সহজ ও দ্রুত সময়ে ভিসা প্রাপ্তি নিশ্চিত করতে হবে। কমনওয়েলথভুক্ত দেশের শিক্ষার্থীরা যাতে সহজে যুক্তরাজ্যে এসে পড়াশোনা করতে পারে, সেই উদ্যোগ নেওয়ার আহ্বান জানান এমপিরা।
এ ছাড়া যুক্তরাজ্যের বিমানবন্দরে কমনওয়েলথভুক্ত দেশের নাগরিকেরা যাতে দ্রুত অভিবাসন প্রক্রিয়া শেষ করতে পারে, সেই উদ্যোগ নেওয়ার প্রস্তাব করেন তাঁরা। ২৬ ফেব্রুয়ারি এসব প্রস্তাবের ওপর হাউস অব কমন্সে বিতর্ক হওয়ার কথা রয়েছে।
এই উদ্যোগ কার্যকর করা হলে পাকিস্তান, ভারত, কানাডা, কেনিয়া, মোজাম্বিক, নাইজেরিয়া ও ঘানার মতো দেশগুলোর নাগরিকদের জন্য যুক্তরাজ্যে যাওয়া সহজ হবে।
গত শতাব্দীর দুটি মহাযুদ্ধে কমনওয়েলথভুক্ত দেশগুলোর ভূমিকার কথা সরকারকে স্মরণ করিয়ে দিয়ে চিঠিতে বলা হয়, গত শতাব্দীতে যুক্তরাজ্য যখন বহির্বিশ্বের হুমকিতে পড়েছিল, তখন কমনওয়েলথভুক্ত দেশগুলোই পাশে দাঁড়িয়েছিল। কিন্তু যুক্তরাজ্য যতই ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলের দিকে ঝুঁকেছে, ততই কমনওয়েলথ বন্ধুদের দূরে ঠেলে দিয়েছে।
কনজারভেটিভ দলীয় এমপি জ্যাক বেরির নেতৃত্বে লেখা ওই চিঠিতে কমনওয়েলথভুক্ত দেশগুলোর নাগরিকদের যুক্তরাজ্যের বিমানবন্দরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রাখারও সমালোচনা করা হয়। তাঁরা বলেন, ইইউভুক্ত দেশের নাগরিকেরা ব্রিটিশ নাগরিকদের লাইন দিয়ে দ্রুত অভিবাসন পার হয়ে যাচ্ছেন। কিন্তু কমনওয়েলথভুক্ত দেশের নাগরিকদের আলাদা লাইনে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়। এই পরিস্থিতি বলে দেয়, কমনওয়েলথ দেশগুলোর সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কের কতটা দূরত্ব তৈরি হয়েছে।
ইইউ ত্যাগের পর কমনওয়েলথ জোটকে কীভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে নানা আলোচনা চলছে। ৯ ও ১০ মার্চ কমনওয়েলথভুক্ত দেশের বাণিজ্যমন্ত্রীদের নিয়ে লন্ডনে এক সম্মেলনের আয়োজন করা হয়েছে, যা ব্রিটিশ সাবেক উপনিবেশগুলোর জোটের ইতিহাসে এই প্রথম।