কমান্ডারদের সরাসরি আদেশ দিতে পারবেন প্রেসিডেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যর্থ অভ্যুত্থানের পর ক্ষমতা সংহত করতে আরেকটি উদ্যোগ নিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গতকাল রোববার তিনি এক অধ্যাদেশ জারি করেছেন, যাতে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী সেনা, বিমান ও নৌবাহিনীর কমান্ডারদের সরাসরি আদেশ দেওয়ার ক্ষমতা পাবেন। এ অধ্যাদেশে দেশের সামরিক একাডেমিগুলোকে বন্ধ করে নতুন একটি জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথাও বলা হয়েছে।
গতকাল জারি করা অধ্যাদেশে বিভিন্ন বাহিনীর কমান্ডারদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সরাসরি অধীনে আনা হয়েছে। একই সঙ্গে অভ্যুত্থানচেষ্টায় যুক্ত বলে অভিযুক্ত ১ হাজার ৩৮৯ সেনাসদস্যকে বরখাস্তের ঘোষণাও দেওয়া হয়েছে।
সরকারি গেজেটে বলা হয়, সশস্ত্র বাহিনীবিষয়ক সর্বোচ্চ সংস্থা সুপ্রিম মিলিটারি কাউন্সিলে (ওয়াইএএস) আরও মন্ত্রীকে অন্তর্ভুক্ত করা হবে। তাঁদের মধ্যে থাকবেন উপপ্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও বিচারমন্ত্রীরা।
বিবিসি জানায়, গত শনিবারই প্রেসিডেন্ট এরদোয়ান এক সাক্ষাৎকারে গোয়েন্দা সংস্থা ও সশস্ত্র বাহিনী প্রধানকেও তাঁর নিয়ন্ত্রণে আনার ইচ্ছা প্রকাশ করেন। এর আগে বৃহস্পতিবার সুপ্রিম মিলিটারি কাউন্সিল ও শীর্ষস্থানীয় কর্মকর্তাদের এক বৈঠকের পর জানানো হয়, সেনাবাহিনী ও জাতীয় গোয়েন্দা সংস্থার নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এরদোয়ান।
শনিবার তুরস্কের এ হাবের টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ‘আমরা ছোট একটি সাংবিধানিক প্যাকেজ পার্লামেন্টে পেশ করতে যাচ্ছি। তা অনুমোদিত হলে ন্যাশনাল ইন্টেলিজেন্স অর্গানাইজেশন (এমআইটি) এবং সশস্ত্র বাহিনীর প্রধান প্রেসিডেন্টের নিয়ন্ত্রণে আসবেন।... মিলিটারি স্কুলগুলো বন্ধ করা হবে...আমরা একটি জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয় গঠন করব।’
প্রেসিডেন্ট আরও বলেন, আধা সামরিক বাহিনী জ্যঁদামারির সদস্যসংখ্যা কমানো হবে কিন্তু এর অস্ত্রশস্ত্র বাড়ানো হবে।
প্রেসিডেন্ট জানান, প্রস্তাবগুলো পার্লামেন্টে তোলা হবে। এগুলো পাস হওয়ার জন্য দুই-তৃতীয়াংশ এমপির সমর্থন লাগবে। এ জন্য পার্লামেন্টে বিরোধী দলের সমর্থনও প্রয়োজন হবে সরকারি দলের।
গতকাল রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানায়, ব্যর্থ অভ্যুত্থান পরিকল্পনায় ‘অভিযুক্ত’ মার্কিন প্রবাসী তুর্কি ধর্মীয় নেতা ফেতুল্লা গুলেনের সঙ্গে সম্পৃক্ততার দায়ে ১ হাজার ৩৮৯ জন সেনাসদস্যকে বরখাস্ত করা হয়েছে।
প্রেসিডেন্ট এরদোয়ান তাঁকে অবমাননাকারী ব্যক্তিদের মামলা তুলে নেওয়ার ঘোষণা দেওয়ার পরদিন কৌঁসুলিরা এ-সংক্রান্ত ১ হাজার ৮০০-এর বেশি মামলা প্রত্যাহারের কার্যক্রম শুরু করেছেন বলে জানা গেছে। ২০১৪ সালে এরদোয়ান প্রেসিডেন্ট হওয়ার পর থেকে তাঁকে অবমাননার অভিযোগে প্রায় ২ হাজার লোককে কারাবন্দী করা হয়। ব্যর্থ অভ্যুত্থানের পর দেশে জনগণের মধ্যে সৃষ্ট ‘ঐক্যে’ অনুপ্রাণিত হয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন এরদোয়ান।
এদিকে রাজধানী আঙ্কারার মেয়র মেলিহ গোকচেক বলেছেন, ব্যর্থ অভ্যুত্থানে ওয়াশিংটনের সম্পৃক্ততার বিষয়ে সন্দেহ দূর করতে যুক্তরাষ্ট্রের একটাই করার আছে, তা হলো ফেতুল্লা গুলেনকে তুরস্কের কাছে ফেরত পাঠানো। এরদোয়ানের দল ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) জ্যেষ্ঠ নেতা ও ২২ বছরের বেশি সময়ের মেয়র এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মত দেন।
তুরস্কে ১৫ জুলাইয়ের ব্যর্থ অভ্যুত্থানের পর ব্যাপক শুদ্ধি অভিযানে সশস্ত্র বাহিনী, বিচার বিভাগ, বেসামরিক প্রশাসন ও শিক্ষাঙ্গন থেকে হাজার হাজার কর্মকর্তা-কর্মচারীকে আটক, অপসারণ কিংবা বরখাস্ত করা হয়েছে। বাতিল করা হয়েছে ৫০ হাজার পাসপোর্ট। বন্ধ করে দেওয়া হয়েছে ১৪২টি গণমাধ্যম প্রতিষ্ঠান। দেশজুড়ে তিন মাসের জরুরি অবস্থাও বহাল রয়েছে।