করোনা আক্রান্ত স্পেনে শিথিল হলো লকডাউন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক পথচারীকে মাস্ক দিচ্ছেন স্পেনের পুলিশ বাহিনীর এক সদস্য। গতকাল সোমবার তোলা। ছবি: এএফপি
এক পথচারীকে মাস্ক দিচ্ছেন স্পেনের পুলিশ বাহিনীর এক সদস্য। গতকাল সোমবার তোলা। ছবি: এএফপি

করোনাভাইরাসে ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে স্পেনের মানুষ। আর আজ মঙ্গলবার দেশটিতে জরুরি সেবা খাতে নেই, এমন প্রায় তিন লাখ কর্মী কাজে যোগ দিয়েছেন। টানা কয়েক দিন মৃত্যুহার ও সংক্রমণ কমে যাওয়ার পর লকডাউন শিথিলের সিদ্ধান্ত নেয় সরকার।

আজ যাঁরা কাজে যোগ দিয়েছেন, তাঁদের মধ্য আছেন নির্মাণকর্মী এবং ম্যানুফাকচারিং খাতের শ্রমিকেরা। তবে দোকান, বার বা রেস্তোরাঁ বন্ধই থাকছে।

স্পেনে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭০ হাজারের কাছে। এটি ইউরোপের মধ্যে সর্বোচ্চ। আর বৈশ্বিক পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের পরেই দেশটির অবস্থান। ১৭ হাজার ৪০০ মানুষ প্রাণ হারিয়েছে এ দেশটিতে। গতকাল সোমবার করোনায় মৃত্যু ও আক্রান্তের হিসাবে তিন সপ্তাহের মধ্যে সবচেয়ে কম ছিল স্পেনে। আর এসব বিবেচনাতেই দেশটিতে লকডাউনে কিছু ছাড় দেওয়া হলো।

তবে দেশটিতে সত্যিকারের স্বাভাবিক অবস্থা কবে আসবে, তা নিয়ে চিন্তিত দেশটির প্রধানমন্ত্রী পেড্রো স্যানচেজ। শিথিল করা হলেও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে স্পেনে। গেল সপ্তাহে এব কোটি নিরাপত্তামূলক মাস্ক দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

তবে লকডাউন শিথিল করার সমালোচনাও আছে। স্পেনের শ্রমিক সংগঠন জেনারেল ওয়ার্কার্স ইউনিয়ন সরকারি সিদ্ধান্তের সমালোচনা করেছে। কাজে ফেরা কর্মীদে নিরাপত্তা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছে।