করোনাভাইরাসে ইতালির উত্তরাঞ্চল যোগাযোগবিচ্ছিন্ন

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ইতালির উত্তরাঞ্চলের সঙ্গে অন্য অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন করার একটি ঘোষণায় আজ রোববার সই করেছেন দেশটির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতে।
করোনাভাইরাস আক্রান্ত বিবেচনায় চীনের পর সবচেয়ে বাজে অবস্থা ইতালির। ইউরোপের আর কোনো দেশে ভাইরাসটি এতটা সংক্রমিত হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৩৩ জন মারা গেছে, যা চীনের বাইরে সর্বোচ্চ। আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৫ হাজার ৮৮৩ জন। এর মধ্যে গতকাল শনিবারই ১ হাজার ২৪৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয় বলে জানায় দেশটির সিভিল প্রোটেকশন ডিপার্টমেন্ট। এই প্রেক্ষাপটেই আজ রোববার সবচেয়ে উপদ্রুত অঞ্চলকে অন্য অঞ্চলগুলো থেকে বিচ্ছিন্ন করার এ সরকারি সিদ্ধান্ত নেওয়া হয়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এ ঘোষণার মধ্য দিয়ে ইতালির উত্তরাঞ্চল আক্ষরিক অর্থেই অচল হয়ে পড়ল। জিউসেপ কোঁতের দেওয়া ঘোষণার বরাত দিয়ে রয়টার্স জানায়, এর মাধ্যমে এই অঞ্চল থেকে অন্য কোনো অঞ্চলে যাওয়া বা অন্য অঞ্চল থেকে এ অঞ্চলে আসার ক্ষেত্রে বাধ্যবাধকতা আরোপ হলো। এমনকি অঞ্চলটির অভ্যন্তরে চলাচলের ক্ষেত্রেও বাধ্যবাধকতা থাকবে। জরুরি প্রয়োজন বা স্বাস্থ্যগত কারণ ছাড়া স্বাভাবিক চলাচলেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
ইতালির উত্তরাঞ্চলের ক্ষেত্রে এই ‘লকডাউন’ জারি করা হলেও পুরো দেশেই সতর্কতামূলক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্কুল বন্ধের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ক্লাস, সিনেমা হল, বিভিন্ন অনুষ্ঠান, নৈশক্লাব, বার, বিভিন্ন ক্রীড়া টুর্নামেন্ট, শেষকৃত্যসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। মোদ্দাকথা, সব ধরনের গণজমায়েত বা এমন জমায়েত হতে পারে, এমন স্থানগুলো বন্ধের ঘোষণা দিয়েছে দেশটির প্রশাসন।
শুধু ইতালি নয়, ইউরোপের অন্য দেশগুলোতেও করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ প্রেক্ষাপটে প্রতিটি দেশই সতর্কতামূলক বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, গতকাল শনিবার ফ্রান্সের স্বাস্থ্য কর্তৃপক্ষ করোনায় আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যুর কথা জানিয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ৯৪৯ জন করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। জার্মানিতে আক্রান্তের সংখ্যা ৭৯৫। আর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দ্বিতীয় ব্যক্তির মৃত্যুর কথা শনিবার জানিয়েছে যুক্তরাজ্য।