করোনার আলফা-বেটা ধরনে সংক্রমিত নারীর মৃত্যু
বেলজিয়ামে একই সময়ে করোনাভাইরাসের আলফা ও বেটা ধরনে সংক্রমিত হয়ে ৯০ বছরের এক নারীর মৃত্যু হয়েছে। গবেষকেরা স্থানীয় সময় গতকাল রোববার এ তথ্য জানিয়েছেন। খবর এএফপির।
ওই নারীর টিকা দেওয়া ছিল না। তিনি বাসায় একা থাকতেন। গত মার্চ মাসে অসুস্থতার কারণে তাঁকে বেলজিয়ামের অ্যালস্ট শহরের ওএলভি হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই তাঁর করোনা শনাক্ত হয়।
৯০ বছরের ওই নারীর অক্সিজেনের মাত্রা প্রাথমিক পর্যায়ে ভালো ছিল। তবে পরে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়। সংক্রমিত হওয়ার পাঁচ দিন পর তিনি মারা যান।
ওএলভি হাসপাতালের আণবিক জীববিজ্ঞানী অ্যানে ভ্যাঙ্কারবার্গহেন একই সঙ্গে করোনার দুই ধরনে সংক্রমিত হওয়া নিয়ে গবেষণার নেতৃত্বে ছিলেন। তিনি বলেন, ‘বেলজিয়ামে যুক্তরাজ্যের করোনার আলফা ধরন ও দক্ষিণ আফ্রিকার বেটা ধরন দুই ধরনের ভাইরাসেরই সংক্রমণ রয়েছে। সম্ভবত ওই নারী দুজন আলাদা মানুষের কাছ থেকে এই দুই ধরনের ভাইরাসে একই সময়ে সংক্রমিত হয়েছেন। দুর্ভাগ্যজনকভাবে আমরা জানতে পারিনি তিনি কীভাবে সংক্রমিত হয়েছেন।’
ভ্যাঙ্কারবার্গহেন আরও বলেন, রোগীর অবস্থার এত দ্রুত অবনতির জন্য দুই ধরনের ভাইরাসের সংক্রমণ ভূমিকা রেখেছে কি না, তা বলা কঠিন।
গবেষণাটি চিকিৎসা সাময়িকীতে প্রকাশের জন্য উপস্থাপন করা হয়নি। তবে এটি ইউরোপীয় কংগ্রেস অব ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি অ্যান্ড ইনফেকশাস ডিজিজে পাঠানো হবে।
ভ্যাঙ্কারবার্গহেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, করোনার দুই ধরনের সহ-সংক্রমণ নিয়ে কোনো গবেষণার ফলাফল প্রকাশিত হয়নি। তিনি বলেন, বিস্ময়কর এই ঘটনা খুব বেশি গুরুত্বসহকারে বিবেচনা করা হয়নি। এই গবেষকের মতে, করোনার ধরন শনাক্তে পিসিআর টেস্টের ব্যবহার বাড়ানো উচিত।
গত জানুয়ারি মাসে ব্রাজিলের বিজ্ঞানীরা দুজন ব্যক্তির একই সঙ্গে করোনাভাইরাসের দুই ধরনে সংক্রমিত হওয়ার কথা জানান। ওই গবেষণা বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব ওয়ারিকের অণুজীব অনকোলজি বিষয়ক অধ্যাপক ও ভাইরোলজিস্ট লরেন্স ইয়ং প্রতিক্রিয়ায় জানান, করোনার একাধিক ধরনে কোনো ব্যক্তির সংক্রমিত হওয়ার ঘটনা বিস্ময়কর নয়। তিনি বলেন, এই গবেষণা থেকে বোঝা গেছে, করোনাভাইরাসের একাধিক ধরনের একসঙ্গে সংক্রমণ নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। একাধিক ধরনে একসঙ্গে সংক্রমিত হলে টিকার কার্যকারিতার ক্ষেত্রে কী প্রভাব পড়ে, তা নিয়েও গবেষণার প্রয়োজন রয়েছে বলে জানান ইয়ং।