ফ্রান্সে সরকারি-বেসরকারি কর্মীরা কর্মঘণ্টার বাইরে অফিসের ই-মেইল চেক না করলে বা জবাব না দিলে তা এখন থেকে বেআইনি কিছু হবে না। নতুন বছরের প্রথম দিন থেকেই সে দেশে এমন একটি আইন কার্যকর হয়েছে।
নতুন আইনটি ফ্রান্সে ‘বিচ্ছিন্ন থাকার অধিকার’ আইন নামে পরিচিত হয়ে উঠেছে। নতুন এই আইন অনুযায়ী, যেসব প্রতিষ্ঠানে ৫০ জনের বেশি কর্মী আছেন, তাঁদের জন্য আদর্শ আচরণবিষয়ক সনদ প্রণয়ন করা বাধ্যতামূলক রাখা হয়েছে। ওই সনদে কর্মঘণ্টার বাইরে কর্মীকে ই-মেইল পাঠানো কিংবা ই-মেইলের জবাব দিতে বাধ্য করা যাবে না বলে উল্লেখ থাকতে হবে।
ফ্রান্সে এক সপ্তাহে কাজের সময় সব মিলিয়ে ৩৫ ঘণ্টা। নতুন আইনের সমর্থকেরা বলেছেন, নির্ধারিত কর্মঘণ্টার বাইরে দাপ্তরিক ই-মেইল চেক করা বা জবাব দেওয়া ওভারটাইম বা অতিরিক্ত কাজের মধ্যে পড়ে। এতে মানসিক চাপ ও স্নায়ুগত উত্তেজনা সৃষ্টি, ঘুমের ব্যাঘাত ঘটা এবং পারস্পরিক সম্পর্কের অবনতির ঝুঁকি থাকে; অথচ এর জন্য ওভারটাইম হিসেবে পয়সাকড়ি দেওয়া হয় না।
গত বছরের মে মাসে ফ্রান্সে একগুচ্ছ শ্রম আইন যুক্ত করা হয়। নতুন আইনটি সেগুলোরই একটি।