কর্মব্যস্ত প্রথম দিন ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোঁর

ফ্রান্সের নতুন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর ইমানুয়েল ম্যাখোঁ গতকাল সোমবার ব্যস্ততার মধ্যে প্রথম কর্মদিবস কাটিয়েছেন। এদিনই তিনি নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেন। তারপরই জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে সাক্ষাৎ করতে বার্লিন যাত্রার কর্মসূচি রয়েছে।
ফ্রান্সের প্রেসিডেন্টরা সাধারণত দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে জার্মানিতেই যান। এটা ইইউর সবচেয়ে শক্তিধর দুই দেশের সুসম্পর্ক প্রকাশের একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। ম্যাখোঁ চলতি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও বৈঠক করবেন। ন্যাটোর একটি সম্মেলনে যোগ দিতে ট্রাম্পের ব্রাসেলস সফরের সময়ই ওই বৈঠক হবে। মার্কিন কর্মকর্তারা বলেছেন, ম্যাখোঁ এবং ট্রাম্প ২৫ মে একটি দীর্ঘ মধ্যাহ্নভোজে অংশ নেবেন।
ইমানুয়েল ম্যাখোঁর আশু জরুরি কাজ হচ্ছে প্রধানমন্ত্রী বাছাই করা। নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সম্ভাব্য ব্যক্তিদের মধ্যে মধ্য-ডানপন্থী এদুয়া ফিলিপ এগিয়ে ছিলেন। তাঁকেই বেছে নেন প্রেসিডেন্ট। আগামী মাসে অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচনে নিজের নতুন দলের সংখ্যাগরিষ্ঠতা চান ম্যাখোঁ। এটা তাঁর অর্থনৈতিক সংস্কার পরিকল্পনা বাস্তবায়নের জন্য জরুরি। রাজনীতিতে তুলনামূলকভাবে অনভিজ্ঞ সাবেক বিনিয়োগ-ব্যাংকার ও মন্ত্রী ম্যাখোঁ গত রোববার প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন, জনগণকে বুঝিয়ে দেবেন ফ্রান্স দুর্বল হয়ে পড়ছে না, বরং এক বড় পুনর্জাগরণের প্রান্তে রয়েছে।
মধ্যপন্থী ম্যাখোঁ ফ্রান্সের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার পাশাপাশি ইইউর অগ্রযাত্রায় নতুন শক্তি সঞ্চারের ঘোষণা দিয়েছেন।