কসোভো ও সার্বিয়ার 'ঐতিহাসিক' চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি, টেলিযোগাযোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে চুক্তি সই করেছে কসোভো ও সার্বিয়া। দুই পক্ষের মধ্যে এ চুক্তির মধ্যস্থতাকারী ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি-বিষয়ক প্রধান ফেদেরিকা মগেরিনি বলছেন, প্রিস্টিনা ও বেলগ্রেডের মধ্যকার এই চুক্তি ‘ঐতিহাসিক’। খবর বিবিসির।
গত মঙ্গলবার সার্বিয়ার প্রধানমন্ত্রী আলেক্সান্ডার ভুটিচ এবং কসোভোর প্রধানমন্ত্রী ইসা মুস্তাফা বেশ কয়েকটি ক্ষেত্রে সহযোগিতার চুক্তি স্বাক্ষর করেন। এর আওতায় কসোভোর উত্তরাঞ্চলে বসবাসরত সার্বরা অধিকতর নাগরিক সুবিধা পাবেন। অন্যদিকে কসোভো আপাবে নিজস্ব আন্তর্জাতিক ডায়াল কোড। চুক্তির আগে কসোভো সার্বিয়া, মোনাকো ও স্লোভেনিয়ার ডায়াল কোড ব্যবহার করত। এ ছাড়া দেশটির উত্তরাঞ্চলে আলবেনীয় ও সার্ব সম্প্রদায়কে পৃথককারী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেতু ভাগাভাগি করে ব্যবহারেও সম্মত হয় দুই দেশ।
সার্বিয়ার প্রেসিডেন্ট ভুটিচ বলেন, পুরো সার্বিয়ার জন্য চুক্তিটি এক বিশাল অর্জন। এর ফলে সার্বিয়ার ইউরোপীয় ইউনিয়নে যোগদানের বাধা দূর হলো। প্রিস্টিনা ও বেলগ্রেড উভয়ই ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে আগ্রহী। তবে সদস্যপদ পাওয়ার জন্য সার্বিয়াকে কসোভোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের শর্ত জুড়ে দিয়েছিল ইইউ।
বলকানের পশ্চিমাঞ্চলের রাষ্ট্রপ-্রধানদের শীর্ষ বৈঠকের মাত্র দুই দিন আগে ঐতিহাসিক এই চুক্তি সম্পাদিত হলো। বলকান রাষ্ট্রপ্রধানদের বৈঠকে নজিরবিহীন অভিবাসী সংকট, রাশিয়ার প্রভাব বৃদ্ধিসহ আঞ্চলিক নানা ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
কসোভোর আলবেনীয় বিদ্রোহীদের বিরুদ্ধে সার্ব বাহিনীর যুদ্ধ শেষ হয় ১৯৯৮-৯৯ সালে। ওই যুদ্ধে সার্বিয়ার বিরুদ্ধে সমরাভিযান চালায় ন্যাটো। এতে কসোভো থেকে পিছু হটতে বাধ্য হয় দেশটি। এর এক দশক পর ২০০৮ সালে আনুষ্ঠানিকভাবে সার্বিয়া থেকে পৃথক হয় কসোভো।