কসোভোর পার্লামেন্টে কাঁদানে গ্যাস-পিপার স্প্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কসোভোর পার্লামেন্টে বিরোধী দলের সদস্যরা আজ মঙ্গলবার কাঁদানে গ্যাস ও পিপার স্প্রে ছুড়েছেন। পার্লামেন্ট ভবনের বাইরে পুলিশের সঙ্গে বিরোধী দলের নেতা-কর্মী ও সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সার্বিয়ার সঙ্গে সম্পর্ক প্রশ্নে সরকার ও বিরোধী দলের মধ্যে দ্বন্দ্বের জের ধরে কসোভোয় রাজনৈতিক সংকট ঘনীভূত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, বিরোধী দলের সদস্যদের কারণে মঙ্গলবার চতুর্থদিনের মতো পার্লামেন্টের কার্যক্রম ব্যাহত হয়। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যস্থতায় কসোভোর সঙ্গে সার্বিয়ার যে চুক্তি হয়, তা থেকে বেরিয়ে আসার পক্ষে অবস্থান নিয়েছে বিরোধীরা। এ বিষয়টি নিয়ে মুখোমুখি অবস্থানে পৌঁছেছে সরকার ও বিরোধী দল। ২০০৮ সালে সার্বিয়ার কাছ থেকে স্বাধীন হয় কসোভো।

বিরোধী দলের আইনপ্রণেতা আলবিন কুর্তির নেতৃত্বে আজ পার্লামেন্টে হট্টগোল শুরু করেন বিরোধী দলের সদস্যরা। এই কুর্তি সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েকবার পার্লামেন্টে কাঁদানে গ্যাস ছুড়েছেন। পুলিশকে লক্ষ্য করেও কাঁদানে গ্যাস ছোড়েন তিনি। কুর্তি বলেন, তিনি প্রধানমন্ত্রী ও সরকারি দলের নেতাদের লক্ষ্য করে পিপার স্প্রে ছুড়েছেন। কারণ তাঁরাই সার্বিয়ার সঙ্গে চুক্তি করেছেন।
কসোভোর রাজধানী প্রিস্টিনায় পার্লামেন্ট ভবনের বাইরে বিরোধী দলের নেতা-কর্মী ও সমর্থকেরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। তাঁরা পার্লামেন্ট ভবন ও পুলিশ সদস্যদের লক্ষ্য করে পাথরের টুকরা, পেট্রলবোমা ও বোতল ছোড়েন।
কসোভোর প্রধানমন্ত্রী ইসা মুস্তাফা বিরোধী দলের এই কাজকে ‘অপরাধী’ কর্মকাণ্ড বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানাই।