ফ্রান্সের এপ্রিলে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে মধ্য ডান রিপাবলিকান দলের প্রার্থী ফ্রাঁসোয়া ফিওঁর স্ত্রী পেনেলোপি ফিওঁ আবারও দাবি করেছেন, তিনি পার্লামেন্টে স্বামীর সেক্রেটারি হিসেবে কাজ করার বিনিময়েই কেবল অর্থ নিয়েছেন।
ফ্রাঁসোয়া ফিওঁ পার্লামেন্টের সদস্য থাকার সময় নিজের স্ত্রী পেনেলোপি ফিওঁকে সহযোগী হিসেবে নিয়োগ করেছিলেন। সম্প্রতি অভিযোগ ওঠে, পেনেলোপি পার্লামেন্টে কোনো কাজ না করলেও স্বামী তাঁকে পার্লামেন্টের তহবিল থেকে বেতন দিয়েছেন।
অভিযোগ ওঠার পর ঘনিষ্ঠদের অনেকে সাবেক প্রধানমন্ত্রী ফিওঁর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন। সর্বশেষ গত শুক্রবার তাঁর মুখপাত্র থিয়েরি সোলের দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। তার আগের দিন সরে যান প্রচারণা কর্মসূচির কোষাধ্যক্ষ। এতে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য ফিওঁর ওপর চাপ বাড়ছে। তবে তিনি এখনো হাল ছাড়ছেন না।
একটি ফরাসি সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে পেনেলোপি বলেন, ‘যদি আমি সহযোগিতা না করতাম, তাহলে অন্য কেউ করত। তাঁকে অর্থ দিকে হতো। তাই আমরা সিদ্ধান্ত নিলাম কাজটি আমিই করব। সবটুকুই ছিল ঘোষিত ও স্বচ্ছ।’
ফিওঁ চাপে পড়ায় আরেক সাবেক প্রধানমন্ত্রী আলাঁ জুপ্পে তাঁর বদলে প্রার্থী হতে পারেন বলে গুঞ্জন চলছে। জরিপে ফিঁওর জনপ্রিয়তাও কমে গেছে। ১৭ মার্চ চূড়ান্ত প্রার্থিতা জমা দেওয়ার শেষ সময়। এর দুই দিন আগে তাঁকে আদালতে হাজির হওয়ার আদেশ দেওয়া হয়েছে।