কাজ না করলেও ন্যূনতম আয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রস্তাবের পক্ষের লোকেরা গত মাসে এ বিশাল পোস্টারটি প্রকাশ করে। এতে প্রশ্ন করা হয়, নিশ্চিত আয়ের আশ্বাস পেলে আপনি কী করবেন l রয়টার্স
প্রস্তাবের পক্ষের লোকেরা গত মাসে এ বিশাল পোস্টারটি প্রকাশ করে। এতে প্রশ্ন করা হয়, নিশ্চিত আয়ের আশ্বাস পেলে আপনি কী করবেন l রয়টার্স

প্রত্যেক নাগরিকের জন্য ন্যূনতম মৌলিক আয়ের নিশ্চয়তা দেওয়া হবে কিনা, এ প্রশ্নে গতকাল রোববার সুইজারল্যান্ডে একটি গণভোট অনুষ্ঠিত হয়েছে। প্রাপ্তবয়স্ক নাগরিকেরা কর্মরত বা বেকার যা-ই থাকুক, তাঁদের শর্তহীন মাসিক অর্থ বরাদ্দের দেওয়ার কথা বলা হয়েছে প্রস্তাবটিতে।
যেকোনো বিষয়ে প্রস্তাবের পক্ষে এক লাখের বেশি স্বাক্ষর জমা পড়লেই তা নিয়ে গণভোটের আয়োজন করা যায় পশ্চিম ইউরোপের উন্নত দেশ সুইজারল্যান্ডে। গতকাল গণভোটের প্রস্তাবটিতে নির্দিষ্ট মৌলিক আয় উল্লেখ করা হয়নি। তবে এ উদ্যোগের নেপথ্যে থাকা ব্যক্তিদের প্রস্তাব অনুযায়ী প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তির সম্ভাব্য মাসিক আয় হবে আড়াই হাজার সুইস ফ্রাঙ্ক (২,৫৫৫ মার্কিন ডলার) এবং প্রত্যেক শিশুর জন্য তা হবে ৬২৫ সুইস ফ্রাঙ্ক। তবে উচ্চ বেতনভোগী লোকদের ওপর এর কী প্রভাব পড়বে তা এতে স্পষ্ট করা হয়নি।
প্রস্তাবটির পক্ষে রাজনীতিবিদদের মধ্যে সমর্থন সামান্যই। পার্লামেন্টের কোনো দলই এর পক্ষে এগিয়ে আসেনি। প্রস্তাবের সমালোচকেরা বলছেন, এটি কাজ করে অর্থ আয় করার যে প্রচলিত পদ্ধতি তাকে উপেক্ষা করে। এটি সমাজের জন্য ক্ষতিকর হবে। কিন্তু প্রস্তাবটির পক্ষে জনমত সংগ্রহে মাঠে নামা প্রচারণা গ্রুপ বেসিক ইনকাম সুইজারল্যান্ডের চে ওয়াগনার বলেন, ‘এটি কিছু না করেই অর্থ পাওয়া হবে না। সুইজারল্যান্ডে মোট কাজের ৫০ শতাংশের বেশি বিনা অর্থেই করা হয়। এর মধ্যে যত্নআত্তির কাজ, ঘরের কাজও রয়েছে। এভাবে মৌলিক আয়ের মধ্য দিয়ে কাজ আরও বেশি মূল্যায়িত হবে।’
পার্লামেন্টে ডানপন্থী সুইস পিপল পার্টির একজন এমপি লুসি স্টাম প্রস্তাবের বিরোধিতা করে বলেন, ‘যদি সুইজারল্যান্ড একটি দ্বীপ হতো, তাহলে তাত্ত্বিকভাবে এর উত্তর হতো ‘হ্যাঁ’। কিন্তু উন্মুক্ত সীমান্তে এটি পুরোপুরি অসম্ভব কাজ।’