কাতালোনিয়ার স্বায়ত্তশাসন স্থগিত করবে স্পেন!

কাতালোনিয়ার স্বায়ত্তশাসন আগামী শনিবার থেকে স্থগিত করতে যাচ্ছে স্পেন। কাতালোনিয়ার প্রেসিডেন্ট ও স্বাধীনতাকামী নেতা কার্লোস পুজেমন স্বাধীনতা ঘোষণার উদ্যোগ নেওয়ায় দেশটি শাস্তিমূলকভাবে এ পদক্ষেপ নিচ্ছে। বিবিসি অনলাইনের খবরে আজ বৃহস্পতিবার এ কথা জানানো হয়।
স্পেনের সরকারের তরফ থেকে বলা হয়েছে, মন্ত্রীরা সংবিধানের ১৫৫ ধারা সক্রিয় করতে বৈঠকে বসবেন। এর ফলে কাতালোনিয়া কেন্দ্রীয় সরকারের অধীনে চলে আসবে। তবে কাতালোনিয়ার নেতা পুজেমন বলেছেন, স্পেন যদি ‘দমন–পীড়ন’ অব্যাহত রাখে, তবে দেশটির আঞ্চলিক পার্লামেন্ট স্বাধীনতার পক্ষে ভোট দেবে।
এর আগে ১ অক্টোবর অনুষ্ঠিত গণভোটে কাতালানরা স্পেন থেকে পৃথক হওয়ার পক্ষে ভোট দেয়। তবে স্পেন সেই গণভোট প্রত্যাখ্যান করে দমন-পীড়নের পথ বেছে নেয়। এমন পরিস্থিতিতে কার্লোস পুজেমন স্বাধীনতার ঘোষণাপত্রে সই করলেও স্বাধীনতার ঘোষণা দেননি। তিনি স্পেনের প্রতি আলোচনার মাধ্যমে সমস্যাটি সমাধানের আহ্বান জানান। তবে স্পেন স্পষ্টই জানিয়ে দেয়, আলোচনার প্রশ্নই আসে না। প্রয়োজনে কাতালোনিয়ার স্বায়ত্তশাসন বাতিল করে কেন্দ্রের অধীনে নেওয়া হবে। অবশেষে দেশটি সে পথেই হাঁটছে।
দেশটির একনায়ক জেনারেল ফ্রাংকোর মৃত্যুর তিন বছর পর ১৯৭৮ সালে স্পেনের সংবিধানের ১৫৫ অনুচ্ছেদের মাধ্যমে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করা হয়। এ সময় চরম সংকটের মধ্যে মাদ্রিদের হাতে সরাসরি শাসনক্ষমতা দেওয়া হয়। কিন্তু এর আগে আর এমন পরিস্থিতি তৈরি হয়নি।
বিবিসি বলছে, মাদ্রিদ কাতালোনিয়ায় আইনের শাসনকে সমর্থন করে। স্পেনের সংবিধান রক্ষা করে আইনশৃঙ্খলার মধ্যে থেকেই তারা কাতালোনিয়ার ‘অবাধ্য’ সরকারকে শায়েস্তা করতে চায়।
তবে কেন্দ্রীয় সরকার বড় ধরনের বিক্ষোভের ঝুঁকি কমাতে চায়। সরকারি কর্মচারী ও সরকারি আইনজীবীরা কাতালোনিয়ার স্বায়ত্তশাসন স্থগিতের পদক্ষেপ বাস্তবায়নে কঠোর পরিশ্রম করছেন। কখন ও কীভাবে এটা বাস্তবায়ন করা উচিত, সে বিষয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে।